২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে স্বতন্ত্র প্রার্থী হতে মনোহরদী উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলমের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

নরসিংদীতে স্বতন্ত্র প্রার্থী হতে মনোহরদী উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

মো. সাইফুল ইসলাম খান বীরু।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2023, 03:54 PM

Updated : 28 Nov 2023, 03:54 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে নরসিংদীর মনোহরদী  উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন মো. সাইফুল ইসলাম খান বীরু।

নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনে নির্বাচন করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির এই সদস্য।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলমের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করলেও বঞ্চিত হয়েছেন। এই আসন থেকে এবারও নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

পদত্যাগের পর সাইফুল ইসলাম খান বীরু সাংবাদিকদের বলেন, “যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।”

এলাকার বৃহৎ উন্নয়নের জন্য সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান জানিয়ে তিনি বলেন, পাঁচবার মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। উপজেলা চেয়ারম্যান পদে থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় খুবই সীমিত।

“বরাদ্দও থাকে খুবই কম, সেটুকু দিয়ে আমি জনগণের চাহিদা পূরণ করতে পারছি না। আর আমি সব সময় জনগণের পাশে ছিলাম, তাই তাদের চাপে আমাকে নির্বাচন করতে হচ্ছে।”

জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাচনে জয়ের আশা রেখে তিনি বলেন, “আমি আশাবাদী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেলাবো-মনোহরদীবাসী স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিবেন। এই আসনের জনগণ আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে তাদের পাশে থাকার সুযোগ করে দেবেন।”