খুলনায় পুলিশ সদস্য হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
বরখাস্তকৃত আছের আলী মোড়ল উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
খুলনার কয়রা উপজেলায় পুলিশ সদস্য হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে নাম আসায় এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার সকালে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকুনুজ্জামান জানান, গত মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সরকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বরখাস্তকৃত আছের আলী মোড়ল উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
কয়রা থানা পুলিশের বরাতে ইউএনও রোকুনুজ্জামান জানান, ২০১৩ সালের ৯ মার্চ আসামি ধরতে গিয়ে ওই ইউনিয়নের আংটিহারা পুলিশ ফাঁড়ির পুলিশ কনস্টেবল মফিজুল ইসলাম দুর্বৃত্তের গুলিতে নিহত হন।
এ ঘটনায় ওই ফাঁড়ির ইনচার্জ এসআই মমিনুর রহমান বাদী হয়ে কয়রা থানায় মামলা করেন।
কয়েক দফায় তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর ২০১৫ সালে সিআইডির পরিদর্শক সরদার মো. হায়াত আলী আদালতে অভিযোগপত্র দেন।
এরপর আসামিপক্ষ উচ্চ আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা আনলে মামলাটি স্থবির হয়ে পড়ে।
পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার তদন্তে ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়লের সম্পৃক্ততার বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে পিবিআই।
এর পরিপ্রেক্ষিতে চেয়ারম্যানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ইউএনও রোকুনুজ্জামান।
