Published : 18 Apr 2023, 12:25 AM
তীব্র তাপপ্রবাহে স্বস্তির পরশ বুলিয়ে সিলেটে নামল বৃষ্টি।
সোমবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলায় বৃষ্টির খবর আসে প্রথমে, এরপর সিলেট নগরীতেও হয়ে যায় এক পশলা বর্ষণ।
কোম্পানীগঞ্জের স্থানীয় সাংবাদিক সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে বৃষ্টি শুরু হয়। ক্ষণে-ক্ষণে বাড়তে থাকে বেগ। রাত ১০টার দিকে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়।
“টানা গরমের পর এই বৃষ্টিতে প্রকৃতি শীতল হয়েছে,” বলেন তিনি।
এরপর রাত সাড়ে ১০টার দিকে বৃষ্টি নামে শহরের কালীবাড়ী এলাকায়। ওই এলাকার মুদি দোকানি ইসলাম উদ্দিন বলেন, “রাত সাড়ে ৯টার পর থেকেই শীতল বাতাস হচ্ছিল। সাড়ে ১০টার পর ৫ থেকে ৭ মিনিট বৃষ্টি হয়েছে।”
“আবার বৃষ্টি নামবে, সেটা বাতাস দেখে বোঝা যাচ্ছে,” স্বস্তি নিয়ে বলেন তিনি।
বৃষ্টিহীন এপ্রিলে গত কয়েকদিন ধরেই প্রচণ্ড গরম গোটা দেশেই জনজীবন অসহনীয় করে তুলেছে। সোমবার পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে উঠে যায়, যা পাঁচ দশকে সর্বোচ্চ।
দেশের অধিকাংশ এলাকা তাপপ্রবাহ বইলেও সিলেটে সোমবার বৃষ্টির পূর্বাভাস ছিল।
সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী রাতে বৃষ্টি হওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো সিলেটেই আজ রাতে বৃষ্টি হতে পারে। এ আভাস আমরা আগেই দিয়েছিলাম।”
পুরানো খবর:
তাপপ্রবাহ: বৃষ্টি হলেও থাকবে অস্বস্তিকর গরম