বাংলাদেশ গর্তে পড়ে গেছে, শেরপুরে জিএম কাদের
“আমরা জিততে চাই না, হারতেও চাই না; আমরা চাই জনগণের কাছে জবাবদিহি করবে এমন সরকার আসুক।”
গাড়ি গর্তে পড়লে যে অবস্থা হয়, বাংলাদেশ এখন সে অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
পরিস্থিতির কারণে বাংলাদেশ এখন সামনে এগোতে পারছে না আবার পেছাতেও পারছে না বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার বিকালে শেরপুর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে একথা বলেন জাপা চেয়ারম্যান।
তিনি বলেন, “বাংলাদেশ এখন গর্ত থেকে উঠতে পারছে না, পেছাতে পারছে না আবার এগোতেও পারছে না। যারা ড্রাইভার, যারা দেশ পরিচালনা করছেন, যারা সরকারে আছেন তারা সিট ছাড়ছেন না আবার কাউকে চালাতেও দিচ্ছেন না। গর্তের মধ্যেই শুধু আমরা পড়ে আছি।”
গর্তে পড়ার কারণ হিসেবে বেআইনি নীতিতে চলাকে কারণ বলে মনে করেন তিনি।
জিএম কাদের বলেন, “আমাদের দেশে বিদেশি টাকা নেই, দেশি টাকাও নেই। ট্রেজারিতে যখন টাকা থাকে আমরা মোটামুটি চলি। তারপরও যখন কম-বেশি হয় সেটা ম্যানেজ করা কঠিন নয়। কিন্তু এখন ম্যানেজ করা যাচ্ছে না। কারণ হলো বিশাল অংকের ঋণ নেওয়া হয়েছে বিদেশ থেকে। যে টাকার সুদ-আসল পরিশোধ করতে গিয়ে আমরা দেউলিয়া হয়ে গেছি।”
স্বাধীন বাংলাদেশের ৫২ বছরের মধ্যে সাড়ে ২৩ বছরই আওয়ামী লীগ দেশ শাসন করেছে উল্লেখ করে তিনি বলেন, “তারা ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যা করেছে। বিদ্যুৎ উৎপাদনের নামে সীমাহীন দুর্নীতি করেছে। সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বললেও মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় কোনো মানুষ ভালো নেই।”
অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক, সেটাই জাতীয় পার্টির চাওয়া বলে জানান এই নেতা।
তিনি বলেন, “আমরা জিততে চাই না, হারতেও চাই না। আমরা চাই জনগণের কাছে জবাবদিহি করবে এমন সরকার আসুক। এই সরকার লুটপাট করে এক শ্রেণির কাছে সব সম্পদ তুলে দিয়েছে। যারা বাংলাদেশের সম্পদ আমেরিকা, কানাডা, দুবাইসহ বিভিন্ন দেশে পাচার করে দিয়েছে।”
নেতাকর্মীদের বেঁচে থাকার সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “আওয়ামী লীগ শুধু নিজেদের নিয়েই ব্যস্ত। তাদের বাইরে চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য কেউ করতে পারছে না। সাধারণ মানুষকে কৃতদাস করে রাখা হয়েছে। সাধারণ মানুষ শুধু ট্যাক্স দেবে, আর ভুগবে তারা।”
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে আরও বক্তব্য দেন, দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মো. ফকরুল ইমাম, মোস্তাফা আল মাহমুদ, দলের চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ সিরাজুল হকসহ অন্যরা।
আলোচনা শেষে আগামী দুই বছরের জন্য জেলা জাতীয় পার্টির সভাপতি পদে মো. ইলিয়াছ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হক মনি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে এসএম আশরাফের নাম ঘোষণা করা হয়।
