২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে হাতুড়িপেটা করে গরু ব্যবসায়ীর পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ

আহত ওই ব্যক্তি শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমর্থক ছিলেন।

শরীয়তপুরে হাতুড়িপেটা করে গরু ব্যবসায়ীর পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত গনি শিকদান।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 06:19 PM

Updated : 10 Jan 2024, 06:19 PM

পূর্ববিরোধের জেরে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক গরু ব্যবসায়ীর পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম লোনসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নড়িয়া থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান।

আহত গনি শিকদার (৫৫) উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালিকা প্রসাদ এলাকার হাসেম শিকদারের ছেলে। আটক আব্দুল আলীম একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, গনি শিকদারের সঙ্গে একই এলাকার আব্দুল আলী শিকদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ছাড়া তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. খালেদ শওকত আলীর সমর্থক ছিলেন।

নির্বাচনের দিন ৭১ নম্বর চেরাগ আলী বেপারী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পোলিং এজেন্ট ছিলেন গনি। অন্যদিকে আব্দুল আলী শিকদার নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম এনামুল হক শামীমের সমর্থক ছিলেন।

আহত গনি শিকদার স্ত্রী চন্দ্রবান বেগম বলেন, “বুধবার সকালে আমার স্বামী গরু কেনার জন্য বাজারে যাচ্ছিলেন। পথে পৌরসভার পশ্চিম লোনসিং এলাকায় পৌঁছালে আব্দুল আলী শিকদার ও তার দুই ছেলে আমার স্বামীর ওপর হামলা করেন।

“এ সময় তারা হাতুড়িপেটা করে তার ডান পা ভেঙ্গে দেন। এ ছাড়া তার কাছে থাকা গরু কেনার দুই লাখ টাকা ছিনিয়ে নেন তারা।”

গনির মেয়ের জামাই মনির ফকির বলেন, তার শ্বশুরের অবস্থা বেশি ভালো না। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ঈগল প্রতীকের প্রার্থী ডা. খালেদ শওকত আলী বলেন, “গনি শিকদার নির্বাচনের সময় আমার পোলিং এজেন্ট ছিলেন। তিনি আমার পক্ষে কাজ করায় নৌকা প্রার্থীর লোকজন তাকে মেরে পা ভেঙ্গে দিয়েছে। আমি এর বিচার চাই।”

এ বিষয়ে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রধান সমন্বয়ক ও নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ বলেন, “নির্বাচনের ঘটনা নিয়ে যাতে কোনো সহিংসতা না ছড়ায় সে বার্তা নেতাকর্মীদের দেওয়া হয়েছে।

“যারা এ ঘটনা ঘটিয়েছেন তারা আমাদের দলের কেউ না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমি যতোটুকু জানি ব্যক্তিগত ঝামেলা থেকে এ ঘটনা ঘটেছে।”

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক আতিকুর রহমান বলেন, “গনির ডান পায়ের নিচের অংশের দুটি হাড় ভেঙ্গে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।”

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে জানতে বাড়িতে গিয়ে আব্দুল আলী শিকদারকে পাওয়া না গেলে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।