ফতুল্লায় মাদ্রাসায় আগুন: বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়া পেলেন আরও ২০ জন
আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর মধ্যে একজনকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হওয়া শিক্ষার্থীদের মধ্যে আরও ২০ জনকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
সেখানকার চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বুধবার দুপুর সোয়া ২টায় জানান, জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৯৪ জন শিক্ষার্থীকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। চিকিৎসা শেষে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
শারীরিক অবস্থা বিবেচনা নিয়ে ১৮ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে বেলা সোয়া ১১টায় তিনি জানান, তখন বিভিন্ন ওয়ার্ডে ৩৮ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
সেই সময় আইসিইউতে ছিলেন চার শিক্ষার্থী। তারা হলেন—আজিজুল ইসলাম সিয়াম (১৪), ইউসুফ (২০), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
তাদের মধ্যে ইউসুফের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে।
আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, আইসিইউতে থাকা আরেকজনের (সিয়াম) অবস্থা সংকটাপন্ন হওয়ায় তিনি এখনও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।
তিনি বলেন, “চিকিৎসাধীন বাকি ১৮ জন শিক্ষার্থীর সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চিকিৎসাধীন রোগীদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”
সোমবার রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় আগুন লাগে। তাতে ওই তলায় থাকা লাইব্রেরি পুড়ে যায়।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা।
আবাসিক মাদ্রাসাটির প্রায় ১৩০০ শিক্ষার্থীর বেশির ভাগই কিশোর-তরুণ।
