ফতুল্লায় মাদ্রাসায় আগুন: বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়া পেলেন ৫৩ জন
“মাদ্রাসার কোথাও অগ্নিনির্বাপণ যন্ত্র দেখা যায়নি।”
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসা ৮৮ শিক্ষার্থীর মধ্যে ৫৩ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বাকি ৩৫ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় তিনি বলেন, ভর্তি থাকা শিক্ষার্থীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
“এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।”
আইসিইউতে থাকা চার শিক্ষার্থী হলেন-আজিজুল ইসলাম সিয়াম (১৪), ইউসুফ (২০), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)। তাদের মধ্যে সিয়ামের অবস্থা আশঙ্কাজনক।
সুলতান মাহমুদ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেক শিক্ষার্থীর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে তাদের চিকিৎসা দিচ্ছেন।
সোমবার রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় আগুন লাগে। এতে ওই তলায় থাকা লাইব্রেরি পুড়ে যায়।
উদ্ধারকারীরা জানান, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, “মাদ্রাসাটিতে ১৩০০ শিক্ষার্থী পড়াশোনা করে, তাদের বেশিরভাগই আবাসিক। গভীর রাতে যখন আগুন লাগে তখন সবাই ঘুমে। আগুনে তৈরি ধোঁয়ায় তারা সাফোকেশনে অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন।”
কাঁচপুর ব্রিজ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “মাদ্রাসার কোথাও অগ্নিনির্বাপণ যন্ত্র দেখা যায়নি। নিরাপত্তা ব্যবস্থাও ছিল না।
“তবে পাশেই পানির উৎস থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে তেমন বেগ পেতে হয়নি। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মাদ্রাসা কর্তৃপক্ষকে বলা হয়েছে। তারাও ইতিবাচক সাড়া দিয়েছেন।”
