১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: আইসিইউমুক্ত চারজনই

জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থী এখন বার্ন ইনস্টিটিউটে আছেন।

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: আইসিইউমুক্ত চারজনই

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 12:22 PM

Updated : 15 Nov 2026, 12:22 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে থাকা দুই শিক্ষার্থীকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতি ও শনিবার তাদের স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন সেখানকার আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।

তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ দুজন ছাড়া ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আর কেউ হাসপাতালে চিকিৎসাধীন নেই। আইসিইউতে থাকা বাকি দুই শিক্ষার্থী আগেই ছাড়া পেয়েছেন।

চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর বিষয়ে ডা. সুলতান মাহমুদ বলেন, “আইসিইউতে থাকা ওই দুই রোগীর মধ্যে একজন মেকানিকাল ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। চিকিৎসকদের নিবিড় প্রচেষ্টায় তাকে সফলভাবে ভেন্টিলেটর থেকে বের করে আনা সম্ভব হয়েছে।

“বর্তমানে তার কোনো কৃত্রিম অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতালের পুরুষ হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তর করা হয়েছে।”

তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অপর রোগীর অবস্থারও আশাব্যঞ্জক উন্নতি ঘটেছে। তারও বর্তমানে কোনো অক্সিজেন সাপোর্টের প্রয়োজন পড়ছে না। ফলে তাকে আইসিইউ থেকে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

গত ৯ নভেম্বর রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় আগুন লাগে। তাতে ওই তলায় থাকা লাইব্রেরি পুড়ে যায়।

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। আবাসিক মাদ্রাসাটির প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থীর বেশির ভাগই কিশোর-তরুণ।

ডা. সুলতান মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৯৪ জন শিক্ষার্থীকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। চিকিৎসা শেষে তারা হাসপাতাল ছেড়েছেন।