খাগড়াছড়িতে ‘ডাকাত দলের’ ৪ সদস্য গ্রেপ্তার, মালামাল জব্দ
গত ১২ অক্টোবর মাটিরাঙ্গার শয়তান টিলা এলাকায় এক গরু ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতি হয়।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গরু ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
এ সময় ডাকাতির টাকায় কেনা তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল, ৫৯ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে মাটিরাঙ্গা থানার ওসি সাহেদ উদ্দিন এসব তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন, মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. আলী হোসেন, একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে ইউসুফ মিয়া ওরফে নয়ন, একই ইউনিয়নের খেদাছড়া এলাকার আব্দুল হালিমের ছেলে আবু মুছা এবং মাটিরাঙ্গা পৌরসভার পলাশপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে নোমান ইসলাম রাব্বি।
ওসি সাহেদ উদ্দিন বলেন, গত ১২ অক্টোবর মাটিরাঙ্গার শয়তান টিলা এলাকায় এক গরু ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতি হয়। খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান শুরু করে।
তিনি বলেন, এর ধারাবাহিকতায় রোববার রাতে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয় ও ডাকাতির টাকায় কেনা মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার পরবর্তী কার্যক্রম তদন্তাধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি ।
