ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৭ জন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় জনে।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩৭ জন।
রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহা. এনামুল হক জানান।
মৃত ময়না বেগম (৪০) সালথা উপজেলার যদুনন্দি গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী।
সোমবার সকালে এনামুল হক বলেন, ময়না বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার দুপুরে হাসপাতালে ভর্তি হন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় জনে; এর মধ্যে রাজবাড়ীর তিনজন, ফরিদপুরের দুইজন এবং মাগুরার একজন বাসিন্দা বলে জানান তিনি।
বর্তমানে হাসপাতালটিতে ১৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান এনামুল হক।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৭ জন। আর চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন।
এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৭৮ জন, এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান তিনি।
আরও পড়ুন:
