২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮৯ জন রোগী।

ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2023, 12:26 PM

Updated : 06 Aug 2023, 12:26 PM

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন এক নারী মারা গেছেন। এই নিয়ে হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো পাঁচ এ।

রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক এনামুল হক।

মারা যাওয়া ফরিদা বেগমের (৫৫) বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বনমালিদিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

ডা. এনামুল জানান, ফরিদা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৪ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তিনি আরও জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালটিতে ১৪৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা যাওয়া পাঁচ রোগীর মধ্যে রাজবাড়ীর তিন এবং মাগুরা ও ফরিদপুরের এক জন করে।

এদিকে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮৯ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮১ জন।

তিনি আরও জানান, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭৪১ জন। এর মধ্যে ১ হাজার ৪৫৫ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।