২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বাইক থেকে ছিটকে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে দুজন মাথায় গুরুতর আঘাত পায়। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2023, 10:42 AM

Updated : 05 Feb 2023, 10:42 AM

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার এক বন্ধু।

উপজেলার পুরাতন মুহুরীগঞ্জ বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই রাশেদ খান চৌধুরী জানান।

নিহত ১৬ বছর বয়সী নাহিদুল ইসলাম ফেনী সদর উপজেলার মোটবী গ্রামের শ্যামাউর রশিদের ছেলে এবং স্থানীয় লস্করহাট এস সি লাহা ইনস্টিটিউটের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের চাচা মোটবী ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ বলেন, নাহিদুল তার বাবার মোটরসাইকেল নিয়ে এক বন্ধুর সঙ্গে বিকালে ঘুরতে বের হয়। ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে দুইজনই মাথায় গুরুতর আঘাত পায়।

স্থানীয়রা প্রথমে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে নেওয়ার পথে নাহিদের মৃত্যু হয় বলে জানান হারুনুর।

তিনি বলেন, নাহিদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত তার বন্ধুকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

এসআই রাশেদ খান চৌধুরী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।