০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নীলফামারীতে চলন্ত ট্রেন থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

ট্রেনে হাতের মোবাইল ফোনটি পড়ে যায়। সেটি তুলতে গিয়ে তিনিও ট্রেন থেকে পড়ে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 06:57 PM

Updated : 09 Nov 2026, 06:57 PM

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী।

নিহত আব্দুর রাজ্জাক (৫৫) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ শাহাপাড়া গ্রামের মৃত সফিয়ার রহমানের ছেলে। তিনি ওই এলাকার প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

রেলওয়ে পুলিশ জানায়, অসুস্থ ছেলেকে নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন আব্দুর রাজ্জাক। সোমবার ভোর ৩টা ৫৫ মিনিটে ট্রেনটি সৈয়দপুর স্টেশন ছেড়ে চিলাহাটির দিকে ছেড়ে যায়।

স্টেশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ট্রেনের দরজার কাছে থাকা অবস্থায় তার হাত থেকে মোবাইল ফোনটি পড়ে যায়। সেটি তুলতে গিয়ে তিনিও চলন্ত ট্রেন থেকে পড়ে যান।

এতে তার মাথা, বাম হাত ও পায়ে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুর রাজ্জাকের ছেলে সারোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য তিনি ঢাকার একটি কোচিং সেন্টারে পড়াশোনা করছিলেন। গত দুই সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। খবর পেয়ে তাকে বাড়িতে নিতে বাবা ঢাকায় আসেন। বাড়ি ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।

ওসি জুলফিকার আলী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।