০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

গাইবান্ধায় হাসপাতালে যাওয়ার পথে চলন্ত নৌকায় জন্ম নিল যমজ শিশু

নবজাতক দুটির একটি ছেলে ও অন্যটি মেয়ে। মা ও দুই সন্তান সুস্থ আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 08:34 PM

Updated : 03 Nov 2026, 08:34 PM

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ী ও বালাসী ঘাটের মাঝামাঝি নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ।

নবজাতক দুটির একটি ছেলে ও অন্যটি মেয়ে। তাদের বাবা মনোয়ার হোসেন জিগাবাড়ী গ্রামের বাসিন্দা।

স্বজন ও স্থানীয়রা জানান, ভোরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। এ জন্য তাকে মাচায় শুইয়ে কাঁধে করে দীর্ঘ বালুপথ পার হন স্বজনেরা। সকাল ৮টার দিকে তারা জিগাবাড়ী ঘাটে পৌঁছান।

সেখান থেকে নৌকায় বালাসী ঘাটের উদ্দেশে রওনা হন তারা। সকাল ১০টার দিকে নদীর মাঝখানে পৌঁছালে ওই নারীর প্রসববেদনা শুরু হয়। এ সময় নৌকায় থাকা নারী যাত্রী ও স্বজনেরা কাপড় দিয়ে চারপাশ ঢেকে দেন। পরে নৌকাতেই প্রথমে ছেলে ও পরে মেয়ে সন্তানের জন্ম দেন ওই নারী।

প্রসূতির স্বামী মনোয়ার হোসেন বলেন, “আমার স্ত্রী ও দুই সন্তান বর্তমানে সুস্থ আছে। সবার কাছে দোয়া চাই।”

নৌকায় থাকা স্থানীয় বাসিন্দা ফজলে রাব্বি বলেন, হঠাৎ ওই নারীর প্রসববেদনা শুরু হলে সবাই চিন্তিত হয়ে পড়েন। নদীর মাঝখানে থাকায় তাকে হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। পরে নৌকাতেই যমজ সন্তানের জন্ম হয়।

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ বলেন, চরাঞ্চলের মানুষের জন্য জরুরি প্রসূতিসেবা পাওয়া কঠিন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিন দিন আগেও গাইবান্ধা শহরের হাসপাতালে নেওয়ার পথে ব্রহ্মপুত্র নদে চলন্ত নৌকায় আরেক নারী একটি কন্যাসন্তানের জন্ম দেন।

আরও পড়ুন-

দুর্গম চর থেকে হাসপাতালের পথে প্রসূতি, নদীতেই জন্ম নিল শিশু