দুর্গম চর থেকে হাসপাতালের পথে প্রসূতি, নদীতেই জন্ম নিল শিশু
ফুলছড়ি থেকে গাইবান্ধার হাসপাতালে যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে চলন্ত নৌকায় শিশুটির জন্ম হয়।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের বুকে চলন্ত নৌকায় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দুর্গম চরাঞ্চলের এক নারী। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।
শনিবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের কালুরপাড়া ঘাট ও ফুলছড়ি ঘাটের মাঝামাঝি এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
প্রসূতি আকলিমা আখতার কালুরপাড়া গ্রামের মো. নুরুল ইসলাম দুলালের স্ত্রী।
স্বজনরা বলেন, বাড়িতে আকলিমার প্রসববেদনা শুরু হলে স্বজনেরা তাকে গাইবান্ধা শহরের হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। চরের দীর্ঘ বালুপথ অতিক্রম করতে তারা জলচৌকি ও বাঁশ দিয়ে মাচা তৈরি করে কাঁধে নিয়ে কালুরপাড়া ঘাটে পৌঁছান। তবে ঘাটে পৌঁছে কোনো নৌকা না পেয়ে প্রসূতির পরিবার চরম বিপাকে পড়ে।
ঠিক সেই মুহূর্তে স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র’ এর কর্মীদল তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেন।
সংস্থার প্রকল্প ব্যবস্থাপক রোকনুদ্দৌলা বলেন, প্রকল্পের জরিপ কাজ শেষ করে তাদের দলটি নৌকায় করে গাইবান্ধা শহরে ফিরছিল। প্রসূতির স্বজনদের অনুরোধ ও রোগীর আশঙ্কাজনক অবস্থা দেখে তারা দ্রুত পরিবারটিকে নিজেদের নৌকায় তুলে নেন।
নৌকায় ওঠার পরই প্রসূতির প্রসববেদনা তীব্র হয়। এ সময় নৌকায় থাকা নারী কর্মী ও প্রসূতির স্বজনেরা পরনের কাপড় দিয়ে চারপাশে আড়াল তৈরি করে নিরাপদ প্রসবের পরিবেশ তৈরি করেন।
ফুলছড়ি ঘাটের উদ্দেশে রওনা হওয়ার ৪০ মিনিটের মাথায় মাঝনদীতে নৌকার পাটাতনেই জন্ম নেয় ফুটফুটে এক কন্যাসন্তান।
রোকনুদ্দৌলা বলেন, সন্তান প্রসবের পর মা ও শিশু উভয়কে নিরাপদ দেখে তারা ফুলছড়ি ঘাট থেকে পরিবারটিকে পুনরায় তাদের চরের বাড়িতে পৌঁছে দেন। বর্তমানে মা ও নবজাতক সুস্থ রয়েছেন।
