১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে দেশি ছাগল একসঙ্গে পাঁচ ছানার জন্ম দিল

ছাগলের ক্ষেত্রে একসঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ার হার প্রায় ২ থেকে ৩ শতাংশ, বলেন প্রাণিসম্পদ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 12:40 AM

Updated : 11 Nov 2026, 12:40 AM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি দেশি ছাগল একসঙ্গে পাঁচটি ছানার জন্ম দিয়েছে। এ ঘটনা দেখতে মালিকের বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও উৎসুক মানুষ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের কৃষক তহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ছাগলের মালিক তহিদুল ইসলাম বলেন, দেশি জাতের ছাগলটি এর আগে তিনবার বাচ্চা দিয়েছে এবং প্রতিবারই তিনটি করে ছানা হত। এবার একসঙ্গে পাঁচটি বাচ্চা হবে তা তিনি ভাবতেই পারেননি।

পরিবারের লোকজন বলেন, প্রথমে চারটি বাচ্চা পাশাপাশি সময়ে প্রসব হয়। এর প্রায় এক ঘণ্টা পর ছাগলটি পঞ্চম সন্তান প্রসব করে। কিন্তু সেই বাচ্চাটি ১৫ মিনিট পরেই মারা যায়।

বেঁচে থাকা চারটি ছানাকে মায়ের দুধের পাশাপাশি গরুর দুধও খাওয়ানো হচ্ছে বলে জানান মালিক তহিদুল।

ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম বলেন, সাধারণত ছাগল দুটি থেকে চারটি বাচ্চার জন্ম দেয়। পাঁচটি ছানার জন্ম হওয়া ব্যতিক্রমী ও বিরল ঘটনা। সঠিক পরিচর্যা ও জাত রক্ষায় কাজ করা গেলে কৃষকেরা লাভবান হতে পারবেন।

ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার বলেন, একটি দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না, তবে এটি অস্বাভাবিক নয়। ছাগলের ক্ষেত্রে একসঙ্গে পাঁচটি বাচ্চা দেওয়ার হার প্রায় ২ থেকে ৩ শতাংশ।

একসঙ্গে একাধিক বাচ্চা জন্ম নিলে পুষ্টি নিশ্চিত করা ও পর্যাপ্ত দুধ পাচ্ছে কি না সেদিকে খেয়াল রাখা জরুরি বলে জানান এই প্রাণিসম্পদ কর্মকর্তা।