২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাৎ: খাগড়াছড়ির সাবেক সার্ভেয়ারের বিরূদ্ধে দুদকের মামলা

মামলার এজাহারে বলা হয়, ওই সার্ভেয়ার ও জমির মালিক মিলে জমির দাম প্রতি শতক ২ লাখ ১৮ হাজার ৮৯৫ টাকার পরিবর্তে ৪ লাখ ২০ হাজার ৬৮৯ টাকা ঠিক করেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

Published : 11 May 2023, 10:24 PM

Updated : 11 May 2023, 10:24 PM

অর্থ আত্মসাতের অভিযোগে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সার্ভেয়ার উদয়ন চাকমার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

বৃহস্পতিবার রাঙামাটি জেলা দুদক সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন বলে কার্যালয়টির উপ-পরিচালক মো. জাহিদ কালাম জানান।

তিনি বলেন, “উদয়ন চাকমার বিরুদ্ধে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতির আশ্রয় নিয়ে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে দণ্ডবিধির ৪০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে।”

উদয়ন চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ছোটনালা এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে দুদক বলেছে, খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে সার্ভেয়ার হিসেবে কর্মরত অবস্থায় ২০১৯ আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের জন্য ২৫ শতক ভূমি অধিগ্রহণ করেন উদয়ন চাকমা। এ সময় ক্ষমতার অপব্যবহার করে জমির মালিক খাগড়াছড়ি বাজার এলাকার সুভাষ চৌধুরীর সঙ্গে যোগসাজস করেন তিনি।

তারা দুজনে মিলে জমির দাম প্রতি শতক ২ লাখ ১৮ হাজার ৮৯৫ টাকার পরিবর্তে ৪ লাখ ২০ হাজার ৬৮৯ টাকা ঠিক করেন। এ প্রক্রিয়ায় উদয়ন সরকারের ১ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ৫৯৮ টাকা আত্মসাৎ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এটি দণ্ডবিধির ৪০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ উল্লেখ করে মো. জাহিদ কালাম বলেন, জমির প্রকৃত মূল্য না দেখিয়ে উচ্চমূল্য দেখানো হয়েছে। জমির মালিকের সঙ্গে যোগসাজস করে বাড়তি অর্থ আত্মসাৎ করেছেন উদয়ন। এজন্য তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।