০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

পিডিবিএফের ‘২৪ কোটি টাকার ক্ষতি’, সাবেক এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অমান্য করে দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে সরকারি অর্থ বিনিয়োগের মাধ্যমে এই ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ দুদকের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 05:33 PM

Updated : 09 Nov 2026, 05:33 PM

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) প্রায় ২৪ কোটি ৭১ লাখ টাকা ক্ষতির অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে দুটি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওই অভিযোগ অনুসন্ধান করে প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলার সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বলেন সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান।

দুদকের তথ্য বলছে, পিডিবিএফের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অমান্য করে দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে সরকারি অর্থ বিনিয়োগ করা হয়। নিজেদের বা অন্যদের ‘লাভবান করার অসৎ উদ্দেশ্যে’ এসব বিনিয়োগের মাধ্যমে মোট ২৪ কোটি ৭০ লাখ ৭১ হাজার ২৩৯ টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এর মধ্যে ১ কোটি ১ লাখ ৪১ হাজার ১২০ টাকা ক্ষতির অভিযোগে প্রথম মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

এ মামলার আসামিরা হলেন- পিডিবিএফের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, সাবেক পরিচালক (অর্থ) মদন মোহন সাহা, সাবেক যুগ্ম পরিচালক (অর্থ) শহীদুল হক খান ও সাবেক সহকারী পরিচালক মো. আক্তার হোসেন।

অপরদিকে ২৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ১১৯ টাকা ক্ষতির অভিযোগে দ্বিতীয় মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

এ মামলার আসামি তালিকায় রাখা হয়েছে- পিডিবিএফের আরেক সাবেক ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহা, সাবেক যুগ্ম পরিচালক (অর্থ) শহীদুল হক খান এবং প্রতিষ্ঠানটির সাবেক সহকারী পরিচালক ও বর্তমান উপপরিচালক রুবী খানম।

দুই মামলাতেই মদন মোহন সাহা ও শহীদুল হক খানকে আসামি করার সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে পাঁচজনের বিরুদ্ধে দুটি মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন।

দুদকের অভিযোগ, পিডিবিএফের পরিচালনা পর্ষদের নির্দেশ অমান্য করে সরকারি অর্থ দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে আসামিরা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করেছেন দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার ও উপসহকারী পরিচালক মো. হাবিবুর রহমান।