ছয় মাসের জন্য ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কেনার অনুমোদন
জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যবহারের জন্য ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানি করবে সরকার।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহের অনিশ্চয়তার মধ্যে আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য প্রায় ৮ হাজার ১০ কোটি টাকার ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত চারটি প্রস্তাব অনুমোদন পায় বলে পরদিন অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ব্যয়ে কেনা হবে হাই সালফার ফার্নেস অয়েল (১৮০ সিএসটি)। সিঙ্গাপুরভিত্তিক ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে এ তেল কিনতে ব্যয় হবে প্রায় ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ টাকা।
একই কোম্পানি থেকে দুটি প্যাকেজে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল (ডিজেল) কেনা হবে। এর একটি প্যাকেজে ব্যয় হবে প্রায় ৯৬০ কোটি ৪১ লাখ টাকা, অন্যটিতে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ টাকা।
এ ছাড়া ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে প্রায় ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ টাকায় গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) কেনা হবে।
তবে ডিজেল ও জেট এ-১ আমদানির আরও দুটি প্যাকেজের প্রস্তাব বৈঠকে উঠলেও অনুমোদন পায়নি। আরও পর্যালোচনা করে পরে সেগুলো কমিটির বৈঠকে তোলার সিদ্ধান্ত হয়েছে।
গম, সার, চিনি ও ডাল কেনার সিদ্ধান্ত
সভায় যুক্তরাষ্ট্র থেকে জিটুজি পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাবে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকা। প্রতি টন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ ডলার।
ইউএস হুইট অ্যাসোসিয়েটসের ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড এ গম সরবরাহ করবে।
এ ছাড়া সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগভর্তি গ্র্যানুলার ইউরিয়া এবং কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) কাছ থেকে জি টু জি চুক্তির আওতায় ৪০ হাজার টন এমওপি সার আমদানি করবে সরকার।
এর বাইরে স্থানীয়ভাবে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে।
পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ অনুমোদন
বিদ্যুৎ বিভাগের দুটি প্রস্তাবে কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) অনুযায়ী শুল্ক কাঠামো ও লেভেলাইজড ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির (বিসিপিসিএল) পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্রের লেভেলাইজড ট্যারিফ নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৭ দশমিক ৯৮৫৮ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় ৬ টাকা ৭৮ পয়সা।
এর মধ্যে ক্যাপাসিটি চার্জ ৩ দশমিক ১০৭৮ সেন্ট এবং জ্বালানি খরচ ৪ দশমিক ৮৭৮০ সেন্ট।
অন্যদিকে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির রামপাল ১ হাজার ৩২০ মেগাওয়াটের মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফও অনুমোদন পেয়েছে।
আইওডি থেকে সিওডি পর্যন্ত প্রতি কিলোওয়াট ঘণ্টার ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ২৮২৮ সেন্ট বা ৯ টাকা ১১ পয়সা। সিওডির পর এ হার হবে ৮ দশমিক ১৬৪৮ সেন্ট বা ৮ টাকা ৯৮ পয়সা।
রেলপথ ডুয়েলগেজ করতে ৪ হাজার ৬২৯ কোটি টাকার কাজ
এদিন চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের দুটি প্যাকেজে মোট ৪ হাজার ৬২৯ কোটি টাকার কাজ অনুমোদন পেয়েছে।
চট্টগ্রাম থেকে গুমদণ্ডী পর্যন্ত রেলপথ রূপান্তর এবং পাহাড়তলী-ঝাউতলা ডুয়েলগেজ লাইন নির্মাণের কাজ পেয়েছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এ কাজের চুক্তিমূল্য ২ হাজার ৭১৭ কোটি ৯১ লাখ টাকা।
অন্যদিকে গুমদণ্ডী থেকে দোহাজারী অংশের কাজ পেয়েছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি)। এ কাজের চুক্তিমূল্য ১ হাজার ৯১১ কোটি ৪৮ লাখ টাকা।
এর আগে একই দিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। সেখানে দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এর একটি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ২০২৬-২৭ অর্থবছরে মাঠপর্যায়ে নিরবচ্ছিন্ন টিকা সরবরাহ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভ্যাকসিন কেনার প্রস্তাব।
অন্যটি মানবিক সহায়তার আওতায় বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে কম্বল কেনার প্রস্তাব।
