২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় জলাবদ্ধতায় ১ হাজার বিঘা আমন ধান পানির নিচে, ফসলহানির শঙ্কা

“এবার মাঠের ফসল দেখে কৃষকদের মনে যে প্রশান্তি এসেছিল তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 01:31 PM

Updated : 26 Nov 2026, 01:31 PM

আমনের ভরা মৌসুমে অসময়ের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চরম বিপাকে পড়েছেন কুষ্টিয়ার কৃষকেরা।

সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ‘বিলের মাঠ’ এলাকায় প্রায় ৩ হাজার ৭৩৪ বিঘা (৩৭৫ হেক্টর) ধানি জমি রয়েছে। এর মধ্যে চলতি আমন মৌসুমে প্রায় ১ হাজার বিঘা জমি পানিতে নিমজ্জিত রয়েছে।

এতে পাকা ধান কাটতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে বিপুল পরিমাণ ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।

স্থানীয় কৃষকদের দাবি, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবছরই আমন ধান কাটার মৌসুমে পানি জমে থাকায় ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির মুখে পড়তে হয় তাদের।

ভুক্তভোগী কৃষক সদর উপজেলার পুরাতন কুষ্টিয়া গ্রামের সাত্তার সেখ বলেন, “মাঠে ধানের চেহারা দেখলেই মনটা জুড়িয়ে যায়। এবার আমন ধানের ফলনও ভাল হয়েছে। সারা মাঠের ধান পেকে সোনালি রঙ ধারণ করেছে। কিন্তু কিন্তু দুঃখের বিষয়, গত সপ্তাহের বৃষ্টিতে মাঠে পানি জমে থাকায় ধান কাটতে পারছি না।

“ধানের গাছ পানির ওপর শুয়ে পড়েছে। প্রতিবছর এই সময়ে ধান কাটার পর মসুর, মটর, খেসারি ও সরিষাসহ বিভিন্ন ফসলের বীজ বপন করি। এবারও প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু জলাবদ্ধতায় সব পরিকল্পনা বরবাদ হয়ে গেছে। ইবার আমার অনেক টাকার বীজ নষ্ট হয়ে গেলো।”

কৃষক হাজি বজলু ফকিরের অভিযোগ, প্রতি বছরই ‘বিলের মাঠে’ পানি জমে থাকায় ভোগান্তিতে পড়তে হয়। এবার মাঠের ফসল দেখে কৃষকদের মনে যে প্রশান্তি এসেছিল তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের নামে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। এবার জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।”

কৃষকদের দাবি, আধুনিক প্রযুক্তির মাধ্যমে জমির উপরিভাগের উচ্চতা নির্ণয় করে পানি নিষ্কাশনের উপযুক্ত স্থান চিহ্নিত করতে হবে। এরপর প্রয়োজনীয় চেম্বার নির্মাণ এবং ভূগর্ভস্থ নিষ্কাশন চ্যানেল স্থাপনের মাধ্যমে সমস্যার স্থায়ী ও টেকসই সমাধান করতে হবে। তবেই তদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

হরিপুর ইউনিয়নের সবচেয়ে বড় ধান আবাদি এই মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কথা স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদও।

তিনি বলেন, “ড্রেনেজ খাল, কালভার্ট ভরাট করে অবৈধ দখলদারিত্ব, নিয়ম না মেনে পরিষদের নির্দেশনা ভেঙে কিছু অসাধু লোকজন যত্রতত্র অপরিকল্পিত ঘরবাড়ি নির্মান করাই এই সমস্যার কারন। সমস্যার স্থায়ী সমাধান করতে হলে সকলের সমন্বিত সদিচ্ছা এবং সরকারী ভাবে বড় প্রকল্প বাস্তবায়নের মধ্যেমে ভোগান্তি দুর করতে হবে।”

কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসের শালদাহ-পুরাতন কুষ্টিয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শাম্মী আক্তার মিলি জানান, তার দায়িত্বাধীন ব্লকে প্রায় ৩৭৫ হেক্টর আবাদি জমি রয়েছে। এর মধ্যে সাড়ে ৩৫০ হেক্টরের বেশি জমিতে বছরে তিনবার ধান চাষ করা হয়। চলতি আমন মৌসুমে প্রায় ১ হাজার বিঘা জমিতে (১০০.৩৩ হেক্টর) পানি জমে থাকায় কৃষকরা সমস্যায় পড়েছেন। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন বলেন, “অসময়ের বৃষ্টিতে চলতি আমন মৌসুমে কোথাও কোথাও জলাবদ্ধতার কারণে মাঠের পাকা ধান কাটায় কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও অধিকাংশ ক্ষেত্রে এটা সাময়িক। তবে যেসব মাঠে দীর্ঘ সময়ের জলাবদ্ধতা রয়েছে সেখানে স্থায়ী নিষ্কাশনের ব্যবস্থা গ্রহনের অনুরোধ করা হয়েছে উপজেলা প্রশাসনকে।”

দীর্ঘ ৩০ বছর ধরে চলে আসা জলাবদ্ধতা সমস্যার বিষয়ে কৃষকদের অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ বলেন, “উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে বিষয়টি শুনেছি। আগামী দুই এক দিনের মধ্যে সরেজমিনে ওই এলাকা পরিদর্শনে যাব।

“সেখানে কৃষকদের কী সমস্যা এবং তাদের কী দাবি, তা সরাসরি শুনব। এরপর সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”