মাদারীপুরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
দীর্ঘদিন ধরে বাবা ও ছেলের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানায় পুলিশ।
‘পারিবারিক কলহের জেরে’ মাদারীপুর সদরে দা দিয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
সোমবার সকালে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান।
নিহত ৫৫ বছর বয়সি আবদুল জলিল বয়রা ওই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে নিহতের ছেলে ইউসুফ বয়রা (৩০) পলাতক রয়েছেন।
ওসি মনোয়ার বলেন, দীর্ঘদিন ধরে জলিল বয়রা ও ইউসুফ বয়রার মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকাল ১১টার দিকে জলিল বয়রা বাড়ির পাশের মিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের কাছে আচার বিক্রি করছিলেন।
এ সময় ইউসুফ বাড়ির থেকে দা দিয়ে দৌড়ে স্কুল গেটে গিয়ে জলিল বয়রাকে কুপিয়ে জখম করে পালিয়ে যান বলে তিনি জানান।
স্থানীয়রা গুরুতর অবস্থায় জলিল বয়রাকে মাদারীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে চিকিৎসক শাওলীন আফরোজ জানান।
নিহতের ছেলে ইউসুফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি মনোয়ার।
