মাগুরায় আওয়ামী লীগের পাল্টাপাল্টি হামলা, বাড়িঘর ভাঙচুর
ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত আটজন আহত হয়েছেন; এ সময় উভয় পক্ষের অন্তত ৫০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট হয়।
বুধবার দুপুরে বরিশাট গ্রামে এই ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের সমর্থকরা এ হামলা ও পাল্টা হামলায় অংশ নেন।
আহতরা মাগুরার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বেশ কয়েকদিনে ধরে দুই নেতার সমর্থকদের মধ্যে নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে গত শনিবার বিকালে তারিকুলের সমর্থক নবাব আলীকে গাংনালিয়া বাজারে একা পেয়ে সংগ্রামের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।
এরপর থেকেই ৩/৪ দিন ধরে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে এলাকায় টহল দিতে থাকে। বুধবার সকালে তারা প্রতিপক্ষের বাড়িঘরে হামলায় ও পাল্টা হামলা শুরু করে।
প্রথমে সংগ্রামের সমর্থকরা বরিশাট গ্রামের তারিকুলের সমর্থক জামিরুল ইসলাম, ছামিরুল ইসলাম, আমিরুল ইসলাম, জাকির মোল্যা, গোলাপ হোসেন, আলী মোল্যা, ওয়াজেদ, জনি শেখ, হাসান, মিলনসহ অন্তত ২৫ জনের বাড়িঘরে অতর্কিত হামলা করেন।
এ সময় হামলাকারীরা ভাঙচুর, টাকা, দুটি গরু ও তিনটি ছাগল নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন।
পরবর্তীতে দুপুরে তারিকুলের সমর্থকরা একত্রিত হয়ে প্রতিপক্ষ একই গ্রামের হারেজ মুন্সী, কোবাদ মুন্সী, রায়হান, আয়নাল, বিল্লাল, সোহেল, মিন্টু খন্দকার, রুবেল, শফিউল্লাহ, আতিয়ার, ফারুকের বাড়িসহ অন্তত ২০টি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট চালায়।
এ সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র, ঘরের মধ্যে রাখা ফসলাদি, গরু-ছাগল, নারীদের শরীর থেকে সোনার গহনা, মোটরসাইকেল, ভ্যান, শ্যালো মেশিন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানান।
ভুক্তভোগী হারেজ মুন্সীর স্ত্রী রূপসী বেগম বলেন, হামলাকারীরা তাদের অনেক কষ্টের তৈরি করা দুইটি বসতঘর মাত্র ৫ মিনিটের মধ্যে ভেঙে চুরমার করে দিয়েছে। এখন তার ঘরে আর কোনো জিনিসপত্রই নেই। রাতে মাথা গোঁজার জায়গা রইল না।
তবে এ বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের দুই আওয়ামী লীগ নেতা কাজী তারিকুল ইসলাম তারেক ও মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। তারা এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছেন।
এ ব্যাপারে ওসি কাঞ্চন কুমার রায় বলেন, বুধবার সকালের এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে। সংঘর্ষে জড়িত অভিযোগে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
