টাঙ্গাইলে নিখোঁজের আট দিন পর বাঁশ ঝাড়ে মিলল লাশ
পুলিশ জানায়, ১৩ এপ্রিল ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি বাহাজ উদ্দিন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিখোঁজের আট দিন পর বাঁশ ঝাড় থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে উপজেলার বাংড়া ইউনিয়নের বাংড়া শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে লাশটি পাওয়া যায় বলে কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) শেখ মনিরুজ্জামান মনির জানান।
নিহত ৬৫ বছর বয়সি বাহাজ উদ্দিন কালিহাতী পৌরসভার কামার্থী গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পরিদর্শক মনির বলেন, বাহাজ উদ্দিন গত ১৩ এপ্রিল ফজরের নামাজ পড়ে নিখোঁজ হন। শনিবার ওই বাঁশ ঝাড়ে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
“পরে পুলিশ ঘটনাস্থল থেকে বাহাজের মরদেহ উদ্ধার করে। পরে বাহাজ উদ্দিনের স্ত্রী জুলেখা বেগম তার স্বামীর লাশ শনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ”
এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
জুলেখা বেগম বলেন, “আমার স্বামী ধান ব্যবসায়ী ছিলেন। গত শনিবার ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আমরা খোঁজাখুঁজি করতে থাকি। খোঁজ না পেয়ে গত রোববার কালিহাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
