২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী গ্রেপ্তার, বিস্ফোরক উদ্ধার

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2022, 01:50 PM

Updated : 24 Dec 2022, 02:02 PM

নাশকতার পরিকল্পনার অভিযোগে জয়পুরহাটে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহেদ আল মামুন জানান, শনিবার সকালে সদর উপজেলার সগুনা মোড় এলাকা থেকে বিস্ফোরকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ আলম দেওয়ান (৪৫), জামায়াত কর্মী নাহিদুল ইসলাম (৩০), শহিদুল ইসলাম (৫৫), আমিনুল ইসলাম (৫০), শিপন হোসেন (২৬), নুর নবী (২৪), জেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম আসাদ (২৮), সেক্রেটারি মামুনুর রশিদ (২৭), শিবির কর্মী মারুফ হোসেন (১৬), মেহেদী হাসান (২০), মেশকাত শরীফ (২৩) ও সোহরাব আলী (২২)।

আল মামুন বলেন, সদর উপজেলার বামনপুর সগুনা চারমাথা এলাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। তারা ককটেলসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলো। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দল সেখানে গেলে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।

“এ সময় ডিবি পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল ঘিরে ফেলে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।”

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।