জুলাই আন্দোলনে নিহতের কন্যাকে দলবেঁধে ধর্ষণের মামলায় অভিযোগপত্র
তিন কিশোরের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে পটুয়াখালীর দুমকি থানার ওসি জানান।
জুলাই আন্দোলনে নিহতের কন্যাকে পটুয়াখালীর দুমকিতে দলবেঁধে ধর্ষণের মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
দুমকি থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তিন কিশোরের বিরুদ্ধে বুধবার অভিযোগপত্র দিয়েছেন বলে দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান। তিনি বলেন, পটুয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
বুধবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হলেও বৃহস্পতিবার রাতে ঘটনাটি জানাজানি হয়।
মামলায় বলা হয়েছে, মেয়েটি (১৭) ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানাবাড়ি যাচ্ছিল। পথে তাকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় দুই কিশোরকে আসামি করে মামলা হয়। পুলিশ দুই কিশোরকে গ্রেপ্তার করে যশোর শিশু সংশোধনাগারে পাঠায়।
মামলার তদন্ত চলাকালে ২৬ এপ্রিল রাজধানীর শেখেরটেক এলাকার ভাড়া বাসা থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাকেও দুমকিতে বাবার কবরের পাশে দাফন করা হয়।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ২২ মার্চ দুই কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়। ২৭ মার্চ আদালত এক আসামিকে যশোর শিশু সংশোধনাগারে তিন দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। তাকে জিজ্ঞাসাবাদে আরেক কিশোরের জড়িত থাকার কথা জানা যায়। পলাতক থাকায় সেই কিশোরকে গ্রেপ্তার করা যায়নি। তাই তিনজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
গত বছরের ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আহত হয়ে ১০ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিশোরীর বাবা। তারপর মেয়েও আত্মহত্যা করে।
এই দুই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে মেয়েরটি মা। এজন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৫ মে পটুয়াখালীর মুখ্য বিচারিক হাকিম মো. ইউসুফ হোসেন এক আদেশে কিশোরীর মায়ের জন্য সরকারি ব্যবস্থাপনায় পেশাদার কাউন্সেলর নিয়োগের নির্দেশ দেন।
আরও পড়ুন:
