মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে দেবর-ভাবীর মৃত্যু
“বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে”, বলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অগ্নিকাণ্ডে নারী-পুরুষের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপজেলা স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান।
নিহতরা হলেন- জাঙ্গালিয়া গ্রামের নুর ইসলামের কন্যা নাসরিন (২৩) এবং পাশের দক্ষিণ চারিগাঁও গ্রামের ইউনুস শেখের ছেলে ইমরান শেখ (২৫)।
ইমরান নিহত নাসরিনের স্বামী মো. শুভ শিকদারের ফুপাতো ভাই। প্রায় ছয় বছর আগে নাসরিন ও শুভর বিয়ে হয়। তাদের চার বছরের একটি ছেলে রয়েছে।
নাসরিনের বাবা নুর ইসলাম সাংবাদিকদের বলেন, “মেয়ে ও মেয়েজামাই শনিবার তাদের চার বছরের ছেলে আরহাম নিয়ে বেড়াতে আসে। সকালে মেয়েজামাই শুভ কাজে বেরিয়ে যায়। নাতি আরহাম তখন তার নানীর কাছে ছিল। এর মধ্যেই ঘরে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মতিন বলেন, “বাড়িটি বিলের মাঝে থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি। পরে নৌকায় বাড়ি পৌঁছে উদ্ধার তৎপরতা চালান হয়। কিন্তু ততক্ষণে বসতঘর ছাই হয়ে যায়।
“ঘটনাস্থল থেকে দুজনের কয়লা হয়ে হওয়া মরদেহ উদ্ধার করা হয়। কোনটি পুরুষ, কোনটি নারীর শনাক্ত করা যায়নি।
তিনি আরও বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একটি টিনের দোচালা ঘর পুড়ে গেছে। প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
প্রতিবেশী জাহিদ বেপারী বলেন, “আমার বাড়ি থেকে ওই বাড়িটির দূরত্ব ২০০ মিটার। এখন বর্ষাকাল, ওই বাড়ি যেতে নৌকা লাগে। আগুন লাগার খবর শুনে সাঁতরে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু ঘরটির দরজা-জানালা সব বন্ধ ছিল। ১৫-২০ মিনিটের মধ্যেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘরের খুঁটির কাছেই বর্ষার পানি ছিল। আগুনের মাত্রা এত বেশি ছিল যে পানি ছিটিয়েও আগুন নেভানো সম্ভব হয়নি।”
লৌহজং থানার ওসি আবদুল্লাহ আল তায়াবীর বলেন, “ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছেন। অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।”
