২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ২ এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, অপহরণকারীদের হোতা গ্রেপ্তার

র‌্যাব তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে দুই ছাত্রকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 09:47 PM

Updated : 24 Jun 2023, 09:47 PM

নওগাঁর সদর উপজেলার কীর্ত্তিপুর এলাকা থেকে অপহরণের শিকার দুই এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে র‌্যাব। একইসঙ্গে অপহরণকারীদের হোতাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার মধ্যরাতে ওই দুই ছাত্রকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। 

অপহৃত মো. আতিকুর রহমান (১৬) জেলার মান্দা উপজেলার হরিপুর গ্রামের গোলাম রাব্বানীর এবং মো. আহসান হাবিব শুভ (১৬) একই  ‍উপজেলার আয়াপুর গ্রামের সাদেক আলীর ছেলে।   

তারা পাঠাকাটা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। 

অপরদিকে, গ্রেপ্তার রাকিব হোসেন নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় একই গ্রামের আরেক অপহরণকারী পলাতক আছেন বলে র‌্যাব জানায়। 

ওই দুই ছাত্রের স্বজনদের বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার দুপুরে মান্দা উপজেলা থেকে সদর উপজেলার কীর্ত্তিপুর এলাকায় দুই ছাত্র বেড়াতে আসে। একা পেয়ে নির্জন স্থানে নিয়ে অপহরণকারীরা তাদের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। পরে মুক্তিপণ চেয়ে ওই দুই ছাত্রের স্বজনদের ফোন করে। স্বজনরা বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা পাঠায়।  

অপহরণকারীরা আরও টাকা পাঠাতে বলে; না হলে প্রাণনাশের হুমকি দেয়। 

এ অবস্থায় ছাত্রদের স্বজনরা র‌্যাব ক্যাম্পে যোগাযোগ করে। পরে র‌্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে দুই ছাত্রকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করে। 

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়ে র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম বলেন, রাকিবকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে করা হয়েছে।