ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
জমির বিরোধে প্রতিবেশী রেহেনাকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান পিপি।
ঝালকাঠিতে গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আ ম ম মোস্তাফিজুর রহমান মনু জানান।
দণ্ডিত মোজাম্মেল বিশ্বাস (৫০) কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে পিপি মোস্তাফিজুর রহমান মনু বলেন, জমির বিরোধে ২০১৪ সালের ২৬ নভেম্বর বিকালে মোজাম্মেল, তার ছেলে সজীব বিশ্বাস, ভাই আব্দুল হকসহ ছয়জন মিলে প্রতিবেশী আব্দুল মান্নান হাওলাদারের ঘরে ঢুকে তার স্ত্রী রেহেনা বেগমকে কুপিয়ে হত্যা করেন।
তিনি বলেন, ঘটনার পরদিন আব্দুল মান্নান বাদী হয়ে কাঁঠালিয়া থানায় হত্যা মামলা করেন। ২০১৫ সালের ১৬ জুন তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শেখ আবুল খায়ের ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আইনজীবী আরও বলেন, আসামি সজীব বিশ্বাসের বয়স ১৬ বছর হওয়ায় তদন্তকারী কর্মকর্তা আলাদা অভিযোগপত্র জমা দেন শিশু আদালতে।
পিপি বলেন, আদালতে মোজাম্মেল বিশ্বাস, তার ভাই আব্দুল হক এবং ছেলে সজীব বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বাকি তিনজনকে অব্যাহতি দেওয়া হয়। বিচার কার্য শেষে আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামি মোজাম্মেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।এ ছাড়া তার ভাই আব্দুল হককে খালাস দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
