বরিশালে কাঁচা মরিচ বিক্রি নিয়ে ছুরিকাঘাতে আরও একজনের মৃত্যু
রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সবজি বিক্রেতা আলমগীরের মৃত্যু হয়।
বরিশাল নগরীতে কাঁচা মরিচ বিক্রির দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত আরও এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে।
রোববার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে এয়ারপোর্ট থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান।
নিহত মো. আলমগীর হোসেন (৪০) নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া দিঘির পাড় এলাকার তিনু মাঝির ছেলে। তিনি নগরীর কাশিপুর বাজারের সবজি বিক্রেতা ছিলেন।
গ্রেপ্তার আহত ছুরিকাঘাতকারী ও সাবেক সেনা সদস্য মো. সোহেল রানা (৫০) পুলিশ প্রহরায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি হেলাল উদ্দিন বলেন, শনিবার সকালে কাশিপুর বাজারে কম দামে মরিচ বিক্রি নিয়ে সবজি বিক্রেতা সাবেক সেনা সদস্য সোহেল রানার সঙ্গে বাজারের অন্য সবজি বিক্রেতাদের দ্বন্দ্ব বাধে।
এ ঘটনায় সোহেল রানার ছুরিকাঘাতে ওই দিন সবজি বিক্রেতা মো. কামাল হোসেনের মৃত্যু হয়। এ ছাড়া ছুরিকাঘাতে আরও পাঁচজন আহত হন।
এর মধ্যে গুরুতর আহত আলমগীর হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, এর আগের হত্যার ঘটনায় করা মামলায় বিষয়টি সংযুক্ত হবে। নতুন করে আর কোনো মামলা হবে না। বিষয়টি আদালতকে অবহিত করা হবে।
হেলাল উদ্দিন আরও বলেন, শনিবার রাতে এয়ারপোর্ট থানায় হত্যা মামলা করেন নিহত কামাল হোসেনের স্ত্রী মাহফুজা বেগম। মামলায় সোহেল রানাকে একমাত্র আসামি করা হয়েছে।
আরও পড়ুন:
