২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কাঁচা মরিচ বিক্রি নিয়ে মারামারি, ছুরিকাঘাতে নিহত ১

মরিচ বিক্রেতা, সাবেক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 02:21 PM

Updated : 29 Jul 2023, 02:21 PM

বরিশাল নগরীতে কাঁচা মরিচ বিক্রি নিয়ে মারামারির সময় ছুরিকাঘাতে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিন জন।

শনিবার সকালে নগরীর কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে বলে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন জানান।

নিহত মো. কামাল হোসেন (৩৮) নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন সৈয়দপুর এলাকার এসকান্দার সর্দারের ছেলে।

আহতরা হলেন: কাশিপুর এলাকার তিনু মাঝির ছেলে মো. আলমগীর হোসেন (৪০), তার ভাই মো. জাহাঙ্গীর হোসেন (৪৫) ও অপর ভাই মো. জয়নাল আবেদীন (৩৫) এবং একই এলাকার প্রয়াত মো. ইয়াকুব আলীর ছেলে মো. আব্দুল মালেক (৬০)।

এ ঘটনায় ছুরিকাঘাতকারী মরিচ বিক্রেতা, সাবেক সেনা সদস্য মো. সোহেল রানাকে (৫০) আটক করেছে পুলিশ। তিনি নগরীর কাশিপুর ইছাকাঠি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী মো. শহিদ ও নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ হোসেন জানান, কাশিপুর বাজারে দোকানিরা ৩০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছিলেন। এ সময় সোহেল রানা ভ্যান নিয়ে সেখানে গিয়ে মাইকিং করে ১২০ টাকা কেজি দরে মরিচ বিক্রি শুরু করেন। তখন কামালসহ কয়েকজন দোকানি সোহেল রানাকে এ দামে মরিচ বিক্রি করতে নিষেধ করেন। কিন্তু রানা ১২০ টাকা কেজি দরেই তার মরিচ বিক্রি চালিয়ে যান। এতে কামালসহ বাজারের কয়েকজন কাঁচা মরিচ বিক্রেতা রানাকে মারধর করেন।

প্রতা্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে সোহেল রানা তার কাছে থাকা সবজির বস্তা কাটার ছুরি নিয়ে হামলাকারীদের ওপর চড়াও হন। এতে চার জন জখম হন। তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।

নগরীর এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সোহেল রানাও আহত হয়েছেন; তিনি পুলিশ প্রহরায় চিকিৎসাধীন।

অভিযোগ পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।