মানিকগঞ্জে ট্রাক্টর চাপায় বাইক আরোহী ছাত্রলীগ নেতার মৃত্যু
আব্দুল্লাহ সায়েম লিপু হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার হরিরামপুর-ঝিটকা সড়কের আন্ধারমানিক (হামিদ মাস্টার বাড়ি সংলগ্ন) এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান।
নিহত আব্দুল্লাহ সায়েম লিপু (২৮) উপজেলার কর্মকান্দি বয়ড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
লিপুর মামা উপজেলা কৃষক লীগের সদস্যসচিব শহিদুর রহমান শহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর লিপুকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সিংগাইরে তার মৃত্যু হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (জনসংযোগ) মো. জাহিদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত লিপু নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তানভীর সিদ্দিক বলেন, লিপু সম্প্রতি চালু হওয়া হরিরামপুরের ওয়ালটন প্লাজায় বিক্রয়কর্মী হিসেবে চাকরি নিয়েছিলেন। এভাবে সড়কে তার মৃত্যু মেনে নেওয়া যায় না।
হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
