মধ্য বাড্ডায় প্রবাসীর মৃত্যু, স্বজনদের দাবি, ‘আত্মহত্যা’
বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর মধ্য বাড্ডায় এক প্রবাসীর মৃত্যু হওয়ার হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
সঞ্জয় চন্দ্র দাস (৩৪) নামের ওই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার এক স্বজন দাবি করেছেন। সঞ্জয় থাকতেন জার্মানিতে।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা পরিচয় দিয়ে তুষার চন্দ দাস বলেন, “আমার চাচা জার্মান প্রবাসী। জার্মানিতে প্রায় আট বছর ছিলেন। আজ বিকালের দিকে চাচির সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে নিজ কক্ষে গলায় চাদর পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নেন। আমরা দেখতে পেয়ে দরজা ভেঙে তাকে হাসপাতালে নিয়ে আসি।”
তিনি বলেন, তার চাচা মধ্য বাড্ডায় নিজের টিনশেড বাসায় থাকতেন। তার বাবার নাম মৃত ক্ষীর মোহন দাস।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পর ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
