বান্দরবান পাবলিক লাইব্রেরিতে বন্যার ক্ষত, ‘প্রায় সব বই শেষ’
“ঢল এত দ্রুত এমনভাবে ঢুকে পড়বে, বুঝতে পারিনি। তাই আর শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি।”
বারান্দায় বিশালাকার বইয়ের স্তুপ পড়ে আছে। সেসবে লেগে আছে কাদামাটি আর বন্যার পানি। ভবনের ভেতরে এলোমেলো হয়ে পড়ে আছে অসংখ্য বই। দেয়ালজুড়েও আধা ইঞ্চি কাদামাটি জমে আছে।
কয়েকদিনের বন্যা এভাবেই ক্ষতচিহ্ন রেখে গেছে বান্দরবান সরকারি গণগ্রন্থাগারটিতে। মঙ্গলবার গ্রন্থাগারটির পুরো ভবনই বন্যার পানিতে ডুবে গিয়েছিল। এতে বই, কম্পিউটার, নথিপত্রসহ অসংখ্য জিনিসপত্র নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গণগ্রন্থাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মা শৈ থুই চাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “সোমবার রাতে বন্যার পানি আসতে থাকে। আমরা রাতের মধ্যেই চেষ্টা করেছি বইগুলো নিরাপদ জায়গায় রাখতে। কিন্তু ঢল এত দ্রুত এমনভাবে ঢুকে পড়বে, বুঝতে পারিনি। তাই আর শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি।
“লাইব্রেরির ছাদ পর্যন্ত পানিতে ডুবে ছিল। এর আগে ২০১৯ সালেও একবার লাইব্রেরিতে পানি উঠেছিল। সে হিসাব করে নিচে থাকা বইগুলো নিরাপদ জায়গায় উঠিয়ে রাখা হয়েছিল। কিন্তু এবারে বন্যার পানি এত উঁচুতে উঠবে আমাদের কল্পনার বাইরে ছিল।
তিনি আরও বলেন, “এখানে প্রায় ৩৪ হাজার বই ছিল। ২০১৯ সালের বন্যায় প্রায় ৩ হাজার বই নষ্ট হয়ে যায়। এ ছাড়া বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাওয়ায় খারিজ করে দেওয়ার পর ২৮ হাজারের মত বই ছিল। তার প্রায় সবটাই নষ্ট হয়ে গেছে।”
মা শৈ থুই চাক আক্ষেপ করে বলেন, “যদি লাইব্রেরি ভবনটি দোতলা হত তাহলে হয়ত বইগুলো রক্ষা করা যেত।”
শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, হাজার হাজার বই লাইব্রেরির বারান্দায় স্তুপ করে রাখা হয়েছে। সারি সারি বইয়ের সেলফ মাটিতে পড়ে আছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে তৈরি করা কর্নারটিতেও টেবিল-চেয়ার, বইপত্র কাদামাটি আর পানিতে ভিজে একাকার হয়ে পড়ে আছে।
যারা গণগ্রন্থাগারটিতে নিয়মিত যেতেন তাদের চোখে এ দৃশ্য একেবারেই অচেনা। তারা জানান, বর্তমান তথ্য-প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে মানুষ এমনিতে বইমুখি নয়। লাইব্রেরিতে গিয়ে খুব বেশি মানুষ বই পড়ে সময় কাটায় না। তারপরেও এখানে কিছু মানুষ এখনও নিয়মিত লাইব্রেরিতে গিয়ে বই-পত্রিকা পড়েন। এখানে মাঝে মাঝে বই কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান হয়।
বান্দরবান সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী দীপায়ন শীল বলেন, “বান্দরবানে এমন বন্যা আমার জীবনে দেখিনি। আমি নিয়মিত লাইব্রেরিতে যাওয়ার চেষ্টা করতাম। এখন কোথায় গিয়ে সময় কাটাব জানি না।
“বেশির ভাগ বই পানিতে নষ্ট হয়ে গেছে। পরে নতুন বই হয়ত পাওয়া যাবে। কিন্তু এমন কিছু বই আছে এগুলো লাইব্রেরি ছাড়া কোথাও সহজে পাওয়া যায় না।”
সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেকুল ইসলাম বলেন, “একটা লাইব্রেরি নষ্ট হয়ে যাওয়া মানে জ্ঞানের ভাণ্ডার ক্ষতি হওয়া। এটি অন্যান্য ক্ষতির সঙ্গে তুলনা করা যায় না। লাইব্রেরির ছাদ পর্যন্ত পানি উঠে সব বই নষ্ট হয়ে গেল। লাইব্রেরিতে চেয়ার-টেবিল ছাড়া কিছুই রক্ষা করা যায়নি।
“আমরা লাইব্রেরিতে নিয়মিত বই পড়তে যেতাম। কত অনুষ্ঠানে অংশ নিতাম। পরে কোনও এক সময় সব ঠিক হলেও গুরুত্বপূর্ণ অনেক বই আর পড়তে পারব না। এটা ভেবে খুব খারাপ লাগছে।”
