কথা কাটাকাটির মধ্যে তিন সহপাঠীর গায়ে ব্লেড চলালেন শিক্ষার্থী
অভিযুক্ত ও আহত শিক্ষার্থীরা সবাই ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার সাকিনা-আজাহার টেকনিক্যাল কলেজের বিএম ট্রেডের শিক্ষার্থী।
বাগেরহাটের ফকিরহাটে কথাকাটাকাটির জের ধরে সহপাঠীর ধারালো ব্লেডের আঘাতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার শান্তিগঞ্জের মোড়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফকিরহাট মডেল থানার এসআই আবুল হাসেম।
আহতরা হলেন- জাকারিয়া অনিক (২২), জয়ন্ত রাহা (২৩) এবং মুছা আব্দুল্লাহ (২২)। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্লেড দিয়ে আঘাত করা শিক্ষার্থী নাসির সরদারকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত ও আহত শিক্ষার্থীরা সবাই ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার সাকিনা-আজাহার টেকনিক্যাল কলেজের বিএম ট্রেডের শিক্ষার্থী।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম মফিদুল ইসলাম জানান, দুপুর একটার দিকে তিনজনকে রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এদের মধ্যে জাকারিয়ার মাথায়, বুকে, পেটে এবং জয়ন্তের মুখের বামপাশে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। আর মুছা আব্দুল্লাহর পিঠে আঘাত রয়েছে।
মুছাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে জানিয়ে এই চিকিৎসক বলেন, “গুরুতর আহত জাকারিয়া ও জয়ন্তকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুজনের অবস্থাই আশঙ্কাজনক।”
এসআই আবুল হাসেম বলেন, “সোমবার সকালে ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার সাকিনা-আজাহার টেকনিক্যাল কলেজের এই শিক্ষার্থীরা কলেজে যায়। চার সহপাঠি জাকারিয়া, জয়ন্ত, মুছা ও নাসির কলেজ থেকে বেরিয়ে কাছেই শান্তিগঞ্জের মোড়ে যায়।
“সেখানে গিয়ে কোনো বিষয় নিয়ে নাসিরের সঙ্গে বাকি তিনজনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নাসির ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ধারালো ব্লেড দিয়ে ওই তিনজনকে এলোপাতাড়ি আঘাত করে। এসময় নাসির নিজেও ব্লেডের আঘাতে কিছুটা জখম হয়।”
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায় জানিয়ে এসআই বলেন, সেখান থেকে নাসিরকে আটকও করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সহপাঠীদের আঘাতের কথা স্বীকার করেছে।
