ভিন দেশের সবুজ মাঠে স্বদেশের স্মৃতিচারণ
দিনটি ছিলো বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মালয়েশিয়ায় বাংলাদেশ ক্রিকেট লীগের ফাইনাল খেলার। বসেছিলাম খেলার সবুজ মাঠকে সামনে নিয়ে।
পেছনে ছিল গ্লাসে ঘেরা ক্লাব ঘর।কুয়ালালামপুরে দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেলে সবুজাত মাঠের প্রতিচ্ছবি গিয়ে পড়েছে গ্লাসে, তাই ছবির পেছনে দেখে মনে হচ্ছে- সবুজ মাঠটি যেন পেছনেই।
পৃথিবীর যেখানেই সবুজ দেখি, সেখানেই মনে পড়ে শৈশবে বইয়ে পড়া সেই বাক্যটি- ‘সবুজ-শ্যামল বাংলাদেশ’। পাঠ্যবইয়ে সেই বাক্যটির কারণে সবুজের সাথে যেন চিরকালীন সম্পর্ক। অবশ্যই এর চেয়ে বড় কারণ, সত্যিই সবুজ-শ্যামল গাঁয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা।
গ্রামে দিঘির পাড়ে একটি তালগাছ বহু বছর এক পায়ে দাঁড়িয়ে আছে। হাত বাড়ালেই আমার শৈশবের ‘দেয়াং পাহাড়’ দেখা যায়। যেখানে এক সময় আপনাআপনি প্রাকৃতিক সবুজের চাষ হতো। এখন আর সেই দিন নেই। শিল্পের প্রসার ঘটতে যাচ্ছে এই পাহাড়ের পাদদেশেও।
আপনারা তো অনেকেই শুনেছেন, চায়না অর্থনৈতিক জোনের কথা। আনোয়ারায় হতে যাওয়া দুটি চায়না অর্থনৈতিক জোনের একটি এখানেই হচ্ছে। ‘দেয়াং পাহাড়ের’ পাদদেশে। কী আর করা, দেশের জন্য শিল্পোন্নয়নও দরকার। তবে খেয়াল রাখা জরুরী, সবুজের যেন কমতি না হয়।
সবুজই সজীবতা। শিল্পায়নের পাশাপাশি সবুজের সজীবতায় ছায়াঘেরা থাকুক আমার গ্রাম। আসলে বাংলাদেশের গ্রামগুলোতে কী দারুণ সবুজের সমাহার, তা বোঝা যায় ছবিতে। গ্রামে গিয়ে ছবি তুললে সেই ছবিতেই ফুটে ওঠে সবুজের বাহার। চারিদিকে সবুজে সবুজে প্রকৃতির নিপুণ হাতে সাজানো।
সরকার শিল্পের বিকাশ ঘটায় যেখানে চারিদিক থেকে ভৌগলিক সুবিধা বেশি সেখানে। আমার গ্রামে সেই সুবিধা আছে বলেই এখানে অতীতে গড়ে উঠেছে দেশের অন্যতম বড় সার কারখানা সিইউএফএল, কাফকো ও কোরিয়ান ইপিজেড।
নতুন করে হচ্ছে চায়না অর্থনৈতিক জোন। স্থানীয় জনপ্রতিনিধিদের মনোযোগ থাকার কথা, শিল্পোন্নয়নের ফলে যাতে এলাকার প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় না হয়। শুনেছি, ওনারা সেটা না-করে অর্থনৈতিক জোন স্থাপনে কার কৃতিত্ব, সেই প্রচারে ব্যস্ত!
দূর প্রবাসে বসে এই মধ্যরাতে আমাদের গাঁয়ের মানুষের আরেকটি চিরচেনা দৃশ্যের কথা মনে পড়ল- ধান ক্ষেতের কথা। প্রথম দিকে সবুজ, সবুজ থেকে আরও সবুজ, গাঢ় সবুজ। যখন ধান পাকতে শুরু করে, তখন মাঠজুড়ে সোনালী ধান।
কৃষকের চোখেমুখে হাসি ফোটানোর সোনালী ধান। দুই-তিন মাসের ব্যবধানে এক মাঠে এই দুই দৃশ্য চিরচেনা। মনে পড়ে কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতার সেই লাইনও- ‘স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি’।
ফসলী জমি বা সবুজ বিনষ্ট করে যেখানে শিল্পকারখানা হচ্ছে, সেখানে অদূর ভবিষ্যতেও কৃষকের হাসির সময় দূষণমুক্ত অক্সিজেন যেন শরীরে যায়, সেদিকে পর্যাপ্ত দৃষ্টি রাখবেন আমাদের জনপ্রতিনিধিরা- এ প্রত্যাশাই রইলো।
লেখক: মালয়েশিয়া প্রবাসী।
ইমেইল: rafiq.akhan80@gmail.com
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
