প্রবাসের চিঠি: বিদেশি বইমেলায় স্বদেশীর বই
বিদেশের মাটিতে স্বদেশী ভালো কিছু দেখলেই মনের ভেতর আপনা-আপনি গর্ব অনুভব হয়। একরাশ ভালো লাগায় ছুঁয়ে যায় মন।
অনলাইনের এ যুগে ফেইসবুক, টুইটার, হোয়াটসআপ, গেমসসহ সামাজিক যোগাযোগ আর বিনোদনের মাধ্যমগুলো নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় মালয়েশিয়ার তরুণ সমাজকে। বই কেনা, বই পড়া আর বইয়ের প্রতি মালয়েশিয়ার তরুণ সমাজের আগ্রহ কেমন তা দেখতে গিয়েছি ৩৬তম কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল বুক ফেয়ার।
কুয়ালালামপুরের পুত্রা ওয়াল্ড ট্রেড সেন্টারে তিন ফ্লোর জুড়ে বিশাল এ বইমেলাটি চলেছে দশদিন ব্যাপি। ২৮ এপ্রিল শুরু হয়ে শেষ হয়েছে ৭ মে রোববার। কুয়ালালামপুরে সারা বছর চলে এই মেলা সেই মেলা। অন্য সব মেলার চেয়ে বইমেলায় দর্শক-ক্রেতা কম নয়, বরং বেশি-ই মনে হলো।
বইপ্রেমী নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোরের পথচারণায় মুখরিত পুরো বইমেলা। ঘুরেঘুরে দেখলাম বিশাল এই বইমেলায় পুরুষের চেয়ে নারী বেশি, আবার বয়স্কদের তুলনায় তরুণ-তরুণীর সংখ্যা বেশি, তরুণের চেয়ে তরুণীর সংখ্যা বেশি। আর শিশু-কিশোরের ছড়াছড়ি মেলাজুড়ে।
যারা মেলা থেকে বেরুচ্ছে সবার হাতে হাতে শপিংব্যাগ। তবে, এই শপিংব্যাগে কাপড়চোপড় নয়, সব বই, বই মেলা থেকে সদ্য কেনা প্রেসের ঘ্রাণযুক্ত বই।
মেলায় সবচেয়ে ভালো লাগলো অনূদিত বইয়ের স্টলে গিয়ে। সেখানে আমার দিকে তাকিয়ে আছে ইংরেজি থেকে মালয় ভাষায় অনূদিত একটি বই। মালয় ভাষায় বইটির নাম ‘ই-পেমবেলেজারান পারহিসেতারান পেমবেলেজার তারবুকা’। ই-লার্নিং শিক্ষা পদ্ধতি নিয়ে ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে প্রকাশিত এ বইটির ইংরেজি নাম ‘ওয়েব-বেইজড ইনস্ট্রাকশন’।
সে বছর বইটি যুক্তরাষ্ট্রে বেস্ট সেলার। এই বইটি দেখে ভালো লাগার কারণ হচ্ছে- বেস্ট সেলার এ বইয়ের লেখক বদরুল হুদা খান একজন বাঙালি এবং বাংলাদেশেরই কৃতি সন্তান। তার জন্মস্থান চট্টগ্রামের পাঠানতলী খানবাড়িতে। কুয়ালালামপুর বুক ইন্টারন্যাশনাল ফেয়ারে বিক্রিত হচ্ছে কোনো বাংলাদেশি লেখকের বই, ভাবতেই ভালো লাগছিলো।
বইটি এ পর্যন্ত ইতালিয়ান, আরবি, ফার্সি, কোরিয়ান, তার্কিশ, মালয় ভাষাসহ বিশ্বের ১৭টি ভাষায় অনূদিত হয়েছে। আরো বেশ ক’টি ভাষায় অনূদিত হওয়ার কাজ চলছে। বাংলা ভাষায় প্রকাশিত বইটির নাম ‘ই–লার্নিং: উন্মুক্তশিখন পরিবেশ’। যেটি গত বছর প্রকাশিত হয়েছিল বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প থেকে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
