জাপানের নারা শহরে একদিন
নারা শহরটি জাপানিদের কাছে মন্দিরের শহর হিসেবেই বেশি পরিচিত!
জাপানে আসবার আগে ইন্টারনেটে জানতে পেরেছিলাম ওসাকা শহরের সৌন্দর্যর কথা। আর তাই ওসাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবার পর সুযোগ পেলেই এদিক ওদিক ঘুরতে চলে যেতাম। এক দিন গেলাম নারা শহর দেখতে। ওসাকার পাশের প্রদেশে এই শহর।
আর সুযোগটি এলো যেন না চাইতেই! ওসাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বনভোজনের আয়োজন করা হয় ঐতিহাসিক নারা শহরে। যা কিনা মন্দিরের শহর হিসেবেই বেশি পরিচিত।
প্রাচীন জাপানের রাজধানী হিসেবে পরিচিত ‘নারা’ শহরটির ঐতিহাসিক বিভিন্ন তাৎপর্য আছে। তাই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের আয়োজনে নারা শহরের বিভিন্ন বৌদ্ধ মন্দির দর্শনই ছিল বনভোজনের মূল উদ্দেশ্য।
কর্তৃপক্ষের অন্য উদ্দেশ্যেটি ছিল প্রাচীন জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া। নারা শহরে আটটি বৌদ্ধ মন্দির আছে। আর আছে দুই বিশালাকার বৌদ্ধ মূর্তি, যার মধ্যে আছে জাপানের সবচেয়ে উঁচু তদোজি বৌদ্ধ মূর্তি। উচ্চতা ৪৯ ফুট। এছাড়াও রয়েছে সাইদিজি, কফুকুজি, কাসুগা, গানগোজি, ইয়াকুশিজি, তশুদিজি এবং হেয়জো মন্দিরগুলো।
তদোজি মন্দির
বাস চলছে দ্রুতবেগে। কখনও পাহাড়ের পাদদেশে, কখনও চূঁড়ায় আবার কখনো সুড়ঙ্গে। মাটির নিচে সুড়ঙ্গের ভেতর দিয়ে চলার অনুভূতি ভাষায় প্রকাশ করাটা আমার জন্য কঠিনই বটে!
নারায় পৌঁছলাম সকাল সাড়ে ৯টায়। সোজা চলে গেলাম তদোজি মন্দিরে আর ঢোকার মুখেই বসেছিল বলগা হরিণের মেলা। ছেড়ে দেওয়া এই হরিণগুলোকে জাপানিরা ঈশ্বরের আর্শীবাদ হিসেবে মনে করে। প্রধান ফটক দিয়ে যখন ঢুকছি ঠিক তখনই একপাল হরিণ এসে আমাদের যেন অভ্যর্থনা জানালো! প্রাকৃতিক সৌন্দর্য্য ঘেরা এই স্থানটিকে জাপানে পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
৭৫২ সালে সম্রাট সমুর নির্দেশনায় বানানো এই উপাসনালয়ে রয়েছে বেশ কয়েকটি ফটক। প্রধান ফটকের দুই পাশে অস্ত্রসজ্জায় দাঁড়িয়ে থাকা মূর্তিদের দেখলে মনে হবে এরা এখনও এই মন্দিরটিকে পাহারা দিয়ে যাচ্ছে। উঁচু কাঠ আর সুরকি দিয়ে জাপানি স্থাপত্যের আদলে বানানো দালানটি। ‘দ্যা লাস্ট সামুরাই’ সিনেমাতে দেখা বৌদ্ধ মন্দিরের রূপের যেন বাস্তবিক স্বাদ পেলাম। একে একে ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম উন্মুক্ত উদ্যান। সবুজ ঘাসের চাদরে ঢাকা এই উপাসনালয়ের উঠতে হয় চল্লিশটি সিঁড়ি বেয়ে। দুই ফটকের এই মন্দিরে ঢুকে দেখা মিলবে বিশালকৃতি কাঁসার ঘণ্টা। এর কিছু দূরেই পাথরের মূর্তি। হাত উঁচিয়ে আর্শীবাদের ভঙ্গিতে ৫শ টন ওজনের এই মূর্তির পিছনে রয়েছে স্বর্ণের ফ্রেম। ৪৯ ফুট লম্বা এই মূর্তিটি জাপানের সবচাইতে উচূঁ বৌদ্ধমূর্তি।
একই ভঙ্গিতে বসে থাকা এই দুই বৌদ্ধর ডান বাসে রয়েছে দৌত্যাকার আরও দুই মূর্তি। জানলাম এক জনের জাপানি নাম ‘কমোকুতেন’ আর একজন হচ্ছেন ‘নিও’। যাদের বেশভূষা দেখে অনুমান করা যায় এরা পাহারাদার। এটি বৌদ্ধ ধর্মালম্বীদের তীর্থস্থান হলেও সাধারণ পর্যটকদের কাছে এটিকে বেশ আর্কষণীয় বলেই মনে হল। মন্দিরের পাশের পাহাড় ঘেরা গাছপালার সারি দেখে যে কারও চোখ জুড়িয়ে যাবে।
তদোজির পর আমরা গেলাম কুফুকুজি মন্দিরে। সুউচ্চ এই মন্দিরের ফটকে রয়েছে একটি জাদুঘর। ছবি তোলা নিষেধ হওয়ায় এই প্রতিবেদনে তার কোন চিত্র নেই।
কুফুকুজি মন্দিরের পাশেই রয়েছে আরও দুইটি উপাসনালয়। আর একটি মন্দির সংস্কার করার পথে থাকায় তা দেখার সৌভাগ্য হয়নি আমাদের। বন্ধুদের সঙ্গে আড্ডা আর নতুন কিছু বিষয় জানার মধ্য দিয়ে দিন যে কখন ফুরিয়ে গিয়েছিল তা টের পায়নি। একে একে সব মন্দিরের বৌদ্ধ মূর্তি আর পারিপার্শিক সৌন্দর্য উপভোগের মধ্যে দিয়ে শেষ হলো ‘নারা দর্শন’। জানা হলো ঐতিহাসিক তথ্য। আর এই ভাবেই দিনে দিনে জানছি জাপানের ইতিহাস আর ভোগ করছি অপার প্রাকৃতিক সৌন্দর্য!
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
