কামাকুরার ‘দাইবুতসু’ দর্শন
গুগলে সার্চ দিতে গিয়ে ১৯১৭ সালে তোলা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি হঠাৎই চোখে পড়েছিল - আরও কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, পিছনে এক বিরাট বুদ্ধমূর্তি।
এভাবেই জানতে পেরেছিলাম কামাকুরার বিখ্যাত ‘দাইবুতসু’র কথা।
‘দাইবুতসু’ অর্থ ‘বিশালাকার বুদ্ধ’।৪৪ ফুট উঁচু এই বুদ্ধমূর্তি জাপানজুড়ে বিখ্যাত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যাকে নিয়ে স্বয়ং রুডইয়ার্ড কিপলিং কবিতা লিখে গেছেন ১৯০৩ সালে ‘দি ফাইভ নেশনস’ শিরোনামে।।
উচ্চতার দিক থেকে জাপানে এটি দ্বিতীয় বৃহত্তম, নারা বিভাগে অবস্থিত তোদাজি বুদ্ধমূর্তি সবচেয়ে উঁচু। টোকিও থেকে কামাকুরার দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার, অনেক বাংলাদেশি সেখানে যান সুযোগ পেলেই।
ইয়োকোহামা থেকেও বেশি দূরে নয়, ট্রেন–বাস মিলিয়ে ঘণ্টাখানেকের পথ। তাই সময় মিলে যেতেই স্ত্রী-পুত্রসহ বেরিয়ে পড়লাম। বাস থেকে নেমে দেখি, টুরিস্টের ভিড়ে যেন মেলা বসে গিয়েছে!
দাইবুতসু-র ছবি, বিভিন্ন রকম সুভেনির, খাবার-দাবার বিক্রি হচ্ছে।মাথাপিছু দুইশ ইয়েন দিয়ে ঢুকে বেশ বড় একটা খোলা জায়গা পেরোতেই ভাস্কর্যটি চোখে পড়লো।
সবুজাভ রঙের, ব্রোঞ্জের তৈরি ১২০ টন ওজনের ধ্যানমগ্ন বুদ্ধমূর্তি, উঁচু বেদীর উপর বসানো। ঘুরে-ফিরে দেখা আর আশ মিটিয়ে ছবি তোলার পর আমার স্ত্রী মালা খেয়াল করলো, মূর্তির কাছে মানুষজন এক বিশাল লাইনে দাঁড়াচ্ছে।
আমার ভাঙা–চোরা জাপানি ভাষার সাথে আকার-ইঙ্গিত মিলিয়ে জানা গেল, মূর্তির ভেতরেও নাকি যাওয়া যাবে, মাথাপিছু মাত্র কুড়ি ইয়েন দিয়ে!
এতক্ষণে মূর্তির পিঠে দুটি জানালা থাকার রহস্যভেদ হল। দেরি না করে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। ভেতরটা একটু অন্ধকার, সিঁড়িগুলো উঁচু হওয়ায় আমার চার বছরের ছেলে অনিন্দ্যকে কোলে নিতে হলো। অনেক জায়গা আছে ওখানে, গেলে বোঝা যায় এই নির্মাণশৈলী কতটা অসাধারণ। তবে আলো কম থাকায় ছবি তোলায় মোটেই সুবিধা করা গেলো না। একটি বোর্ডের লেখা থেকে জানা গেলো, আটটি ঢালাই করা ব্রোঞ্জের টুকরো জোড়া লাগিয়ে মূর্তিটি তৈরি, তবে কী উপায়ে এই ঢালাই করা হয়েছিলো আর কিভাবেই বা টুকরোগুলো জোড়া লাগানো হয়েছিলো তা কিন্তু আধুনিক বিজ্ঞানের কাছে এক রহস্যই বটে।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
