২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের ওসাকায় বাঙালির পিঠা!

জাপানের ওসাকায় হলো বাঙালির পিঠা উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 08:05 PM

Updated : 12 Oct 2022, 04:25 PM

পুরনো খবর:

জাপানের সৌন্দর্যপুরী আরাশিয়ামা
জাপানের ‘মিনি বাংলাদেশ’
ওসাকায় ক্রিকেট!
জাপান প্রবাসীদের প্রকাশনার ইতিবৃত্ত
জাপানে ভাষা ভোগান্তি!
‘একাত্তরের সব ঘাতকের বিচার দেখে যেতে চাই’ 

রোববার জাপানের ‘ওসাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর উদ্যোগে পিঠার এক উৎসব হয়েছে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে।

হেমন্তর শেষে বাঙালির ঘরে যখন নতুন ধান ওঠে তখনই যেন শুরু হয় পিঠার ধুম। বাংলার এই ‘চিরচেনা’ রূপটি মেলে ধরতেই যেন হাজারো মাইল দূরে এই প্রবাসী বাঙালিরা আয়োজন করে এই উৎসবের।

ওসাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত এই উৎসবে যেসব পিঠা স্থান পেয়েছিল তাদের মধ্যে ছিল ভাপা, পাটিসাপ্টা, মাল পোয়া, তেল পিঠা, নকশী , চিতই , পাকান, ঝাল পিঠা, রস পাকান, পুলি , ফুল পিঠাসহ আরও অনেক  পদের পিঠা।

এইসব পিঠার ‘কারিগরদের’ অধিকাংশরই পিঠা তৈরি করার পূর্ব অভিজ্ঞতা নেই!

আগের দিন মধ্যরাত পর্যন্ত বেশিরভাগ পিঠা বানানোর কাজ চললেও উৎসবের দিন ভাপা পিঠা বানানোর ব্যস্ত দ্বায়িত্বে ছিলেন অসীম কুমার সাহা, প্রতিভা সাহা, সৌরভ রায়, জসীম উদ্দিন এবং বিজন মোহন চাকী।

পিঠার এই আয়োজনে চোখে পড়ার মতো ছিল ছোটদের ছোটাছুটি আর উচ্ছাস।  

জসীম উদ্দিন জানান, প্রবাসে এভাবে বাঙালি সংস্কৃতির ছোঁয়া পাবেন তা ভাবেননি তিনি। গত দুই বছর ধরে ওসাকায় থাকলেও  এইবারই প্রথম পিঠার আয়োজন দেখলেন বলেও জানান তিনি।

সাড়ে চার বছরের শিশু জাহারা সাজ্জাদকে নিয়ে পিঠার আয়োজনে এসেছিলেন ডা. সামস সাজ্জাদ আলী। তিনি বলেন, “যান্ত্রিক সংস্কৃতির আবডালে দেশে থাকতেই পিঠাকে ভুলতে বসেছিলাম। আমি কখনো কল্পনায় আনতে পারিনি প্রবাসে এসে দেশীয় পিঠাগুলোর এইরকম আয়োজন দেখতে পাবো। আমার মেয়ে তো পিঠার নামই জানতো না। এখানে এসে পিঠাগুলোর সঙ্গে তারও একটি ‘মেলবন্ধন’ হলো। আশাকরি প্রতি বছরই যেন এই ধরনের আয়োজন হয়।”

মাত্র এক মাস আগে ওসাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন সুলতানা আক্তার ও আলফাজ হোসেন। সুলতানা বলেন,  “দেশে সবাইকে ছেড়ে এসেও এই আয়োজনে এসে মনে হচ্ছে আমি বাংলাদেশেই আছি।”

দুপুর একটা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত চলে এই আয়োজন। অনুষ্ঠানের শেষে আয়োজন করা হয় ওয়ারউলভস নামের এক জাপানি খেলা। ‘বুদ্ধিমত্তার’ এই খেলায় সেরা নির্বাচিত হয় আরিফ নিক্সন ও সৌরভ রায়।

সবশেষে ওসাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ২০১৫-১৬ বর্ষের জন্য নতুন তিন সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এই তিন সদস্য হলেন তাহমিনা আক্তার শিমলা,  এস এম নাদিম মাহমুদ ও আলফাজ হোসেন।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com