২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান প্রবাসীদের প্রকাশনার ইতিবৃত্ত

জাপানে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা একেবারে কম নয়।জীবিকার তাগিদে সেখানে বসবাসরত বাংলাদেশিরা বাংলা ভাষাকে সে দেশের মাটিতে বাঁচিয়ে রাখতে, তুলে ধরতে প্রকাশ করেছেন অনেক পত্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবীর বিকাশ সরকার, জাপানের টোকিও থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 09:33 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

পুরনো খবর:

জাপানের সেন্দাইয়ে ‘নবীনবরণ’
জাপানে ভাষা ভোগান্তি!
‘একাত্তরের সব ঘাতকের বিচার দেখে যেতে চাই’ 
জাপানের ‘মিনি বাংলাদেশ’
ওসাকায় ক্রিকেট!
ওসাকার মিয়াগি ইয়ানু
জাপানের সাইতামায় মুতসুমে উৎসব
ওসাকায় বাঙালি বরণ ও বিদায় 

যেদেশে জাপানি ছাড়া অন্য ভাষা অনেকটা সাংস্কৃতিক অনুপ্রবেশের সামিল, সেখানে বাংলাকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেছেন প্রবাসী লেখক, সাহিত্যিকরা। 

৯০ দশকের সময়ে বিশ্বের আর কোনো দেশে প্রবাসী বাঙালিরা এত বেশি কাগজ প্রকাশ করেছেন বলে জানা যায় না। মূলত অনাত্মীয় পরিবেশে প্রবল জাতীয়তাবোধ এগুলো প্রকাশের পেছনে কাজ করেছে বলেই বোধ হয়।ব্যয় হয়েছে প্রচুর মেধা, সময় আর অর্থ।

বাংলাদেশ থেকে মুদ্রিত হয়ে আসত বলে স্বদেশের আর্থিক খাতেও তারা অবদান রেখেছেন।তাদের সৃষ্ট এই সাংস্কৃতিক সম্পদগুলো বাংলা একাডেমির সংগ্রহ করা উচিত বলে মনে করেন অনেক প্রবাসী। সেই সঙ্গে চাইলে প্রতিষ্ঠা করতে পারে একটি ‘প্রবাসী সাহিত্য-সংস্কৃতি সংরক্ষণ কেন্দ্র’।

প্রতি বছর বইমেলায় এগুলো প্রদর্শন করা গেলে দেশবাসী জানতে পারবেন, মাতৃভাষা বাংলার চর্চায় প্রবাসীরা কতখানি নিবেদিতপ্রাণ। শুধু কাগজই নয় অনেক প্রবাসী দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে অনেক মূল্যবান গ্রন্থ লিখেছেন। সেগুলোকেও একাডেমি সংগ্রহ করতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য।

পুরস্কার দিয়েও উৎসাহিত বা মূল্যায়ন করা অস্বাভাবিক কিছু নয়। এগুলো জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমির জাতীয় দায়িত্ব বলেই বিশ্বাস, কেননা ভবিষ্যৎ গবেষণার কাজে এগুলো হবে অসামান্য তথ্যের উৎস।

প্রকাশনার চিত্র:

১৯৯১ সালে কতিপয় প্রবাসী বাংলাদেশি তরুণ ছাত্র-শ্রমিক মিলে হাতে লিখে একটি জার্নাল প্রকাশ করে কিছুদিন বেশ আলোড়ন তৈরি করেন।

এ ফোর সাইজের আট পৃষ্ঠার সাদাকালো পাক্ষিক ‘সোচ্চার’ প্রকাশিত হতো হাতে লিখে ফটো কপিয়ার মেশিনে মুদ্রণ করে। কাগজটির বিষয়বস্তু ছিল রাজনীতি সম্পর্কিত- এরশাদীয় স্বৈরাচারী শাসন, রাষ্ট্রীয় অব্যবস্থা, সামাজিক অস্থিতরতা এবং মৌলবাদী তৎপরতার সমালোচনাই ছিল বেশির ভাগ লেখার বিষয়বস্তু।

সম্পাদক ছিলেন মাহাবুবুর রহমান, নির্বাহী সম্পাদক নাজিম, সার্বিক তত্ত্বাবধানে মোঃ নূরুল আমিন, সহযোগিতায় নিজাম, তাহের, মাসুদ, সার্দ্দুল, মনি ও মুরাদ।

১৯৯১ সালের মার্চ মাসে প্রবীর বিকাশ সরকারের সম্পাদনায় প্রকাশিত হয় ‘মানচিত্র’ নামে একটি ট্যাবলয়েড। এটিই জাপানের প্রথম মুদ্রিত বাংলা কাগজ বলে বিবেচিত। প্রথম সংখ্যা ছিলো আট পৃষ্ঠার, সাদাকালো। এরপর অনিয়মিতভাবে ৭/৮টি সংখ্যা প্রকাশের পর প্রথম ও শেষ পৃষ্ঠা চার এবং ভিতর এক রঙে ১৬ পৃষ্ঠায় ছাপা হতে থাকে ট্যালয়েডটি। ক্রমে একদিন মাসিক ম্যাগাজিনে রূপান্তরিত হয় ‘মানচিত্র’।

১৯৯৫ সাল থেকে ঢাকা থেকে ছাপা হয়ে জাপানে আসত ‘মানটিত্র’। ৫২ পৃষ্ঠার ওই ম্যাগাজিনের সার্বিক দায়িত্বে ছিলেন লেখক মঞ্জুরুল আজিম পলাশ ও কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। তখন জাপানে বাংলা পত্র-পত্রিকা খুব একটা আসত না, ফলে ‘মানচিত্র’ ছিল অনেক বছর ধরে প্রবাসীদের একমাত্র নিয়মিত কাগজ।

বাংলাদেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং গবেষকদের অনেক লেখা ও সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে মানচিত্রে। তথ্য, সংবাদ, ফিচার ছাড়াও প্রচ্ছদ প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন, প্রবন্ধ প্রকাশিত হয়েছে এক হাজারেরও বেশি। অন্তত ১৩০ জন দেশি-বিদেশির সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে পত্রিকাটিতে। ছড়া, কবিতা ও গল্পতো অসংখ্য।

মানচিত্র জাপান ছাড়াও বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অন্যান্য দেশেও পাঠানো হতো পাঠকপ্রিয়তার কারণে।

মানচিত্রের উপদেষ্টা ছিলেন কবি শামসুর রাহমান ও অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। ২০০২ সালে নানাবিধ কারণে প্রকাশনা স্থগিত হয় মাসিকটির। পরবর্তীতে ২০০৭ সালে দুটি সংখ্যা প্রকাশিত হয়েছিল।

মানচিত্রের ধারাবাহিকতায় এরপর একাধিক মাসিক পত্রিকা জাপান থেকে প্রকাশিত হতে থাকে। জাপানে তখন প্রবাসীর সংখ্যা ছিলো ২০ হাজার। প্রায় সবগুলো কাগজই বাংলাদেশ থেকে মুদ্রিত হয়ে  আসত।

১৯৯২ সালে কবি ও লেখক এমএইচ কবীর প্রকাশ করেন ‘অবয়ব’ নামে ৪৮ পৃষ্ঠার একটি কাগজ। একই বছর প্রকাশিত হয় ‘বাংলার মুখ’, চাররঙা প্রচ্ছদসহ ৩৬ পৃষ্ঠার সাদাকালো কাগজ। সম্পাদক অপু সারোয়ার। ‘বাংলার মুখের’ বাংলাদেশ ব্যুরো প্রধান ছিলেন কবি মোহন রায়হান।

নূরুল আবেদীনের সম্পাদনায় ১৯৯৪ সালে প্রকাশিত হয় ‘চেতনা’। উদ্বোধনী সংখ্যাতে লিখেছিলেন- কবীর চৌধুরী, ফয়েজ আহমেদ, বেনজীর আহমদ, খান আতাউর রহমান, শামসুজ্জামান খান, সুকুমার বড়–য়া, পান্না কায়সার, মুনতাসীর মামুন, সুশান্ত মজুমদার, জুয়েল আইচ, খন্দকার আশরাফ হোসেন, বিরূপাক্ষ পাল, খোশনূর আলমগীর, আসলাম সানী, মো. আব্দুল আজিজ ও মনিরুদ্দিন ইউসুফ।

১৯৯৪ সালে জাপানে প্রবীর বিকাশ সরকারের সঙ্গে সমমনা কয়েকজন মিলে গঠন করে ‘আড্ডা টোকিও’ নামে একটি সৃজনশীল পাঠচক্র। এর মুখপত্র ছিল অনিয়মিত ট্যাবলয়েড ‘আড্ডা টোকিও’ । সম্পাদনা করেতেন প্রবীর বিকাশ সরকার, প্রকাশ করেছিলেন কবি মোতালেব শাহ আইউব।

২০০৩ সালে কবি নির্মলেন্দু গুণ এবং পরবর্তী বছরে কবি সমুদ্র গুপ্তকে ‘আড্ডা টোকিও’র পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিলো প্রথম বাংলা কবিতা উৎসব এবং জাপান-বাংলা কবিতা উৎসবে।  ট্যাবলয়েডটির দুটি সংখ্যায় লিখেছিলেন নির্মল সেন, পিআর প্ল্যাসিড, নিয়াজ আহমেদ জুয়েল, হারুনূর রশীদ, সজল বড়ুয়া, বাবলু রহমান, মাসুদুর রহমান, হরিপদ রায়, বেলাল বেগ, সিরাজুল ইসলাম চৌধুরীসহ অনেকেই। 

এরপর ১৯৯৬ সালে পর পর আত্মপ্রকাশ করে চারটি কাগজ। ‘শাপলা’, ‘সময়’, ‘প্রবাহ’ ও ‘মাকু’ । ‘শাপলার’ সম্পাদক ও প্রকাশক ছিলেন মোল্লা জাহাঙ্গীর আলম। আওয়ামী ঘরানার এই কাগজটির ১ম বর্ষ ৪র্থ সংখ্যায় তৎকালীন দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ থাকলেও সৈয়দ মোদাচ্ছের আলীর দুটি নিবন্ধ যথেষ্ট সাড়া ফেলেছিলো।

‘সময়ের’ সম্পাদক ছিলেন গাজীউর রহমান চৌধুরী। ১ম বর্ষ, ২য় সংখ্যায় কবি ও সাংবাদিক সোহরাব হাসানের রাজনৈতিক নিবন্ধটি তাৎপর্যপূর্ণ। গল্প লিখেছিলেন মাহমুদ উল্লাহ। ক্রিকেট নিয়ে লিখেছিলেন দুলাল মাহমুদ। সংবাদ পাঠিকা রুখসানা আনোয়ারের সাক্ষাৎকার আজ বিস্মৃত সময়ের স্মৃতিই বটে।

বাংলা-ইংরেজি দ্বিভাষিক ‘প্রবাহের’ ১ম বর্ষ, ২য় সংখ্যায় উল্লেখযোগ্য কিছু লেখা রয়েছে যেমন- ‘সংসদ নির্বাচন ’৯৬’ নিয়ে লিখেছেন মোস্তফা হোসেইন, সঙ্গে মাসুক হেলালের ইলাস্ট্রেশনগুলো অর্থবহ, চমৎকার। অর্থনীতি নিয়ে লিখেছেন বিরূপাক্ষ পাল, নিয়ামত হোসেনের প্যারোডি। পপসাহিত্য নিয়ে লিখেছেন মাহমুদ শামসুল হক, মুগ্ধকর ভ্রমণকথা লিখেছেন আশরাফ সিদ্দিকী।

‘মাকুর’ প্রধান সম্পাদক ও প্রকাশক ছিলেন আলোকচিত্রগ্রাহক মশিউর রহমান পারভেজ। ১ম বর্ষ ১ম সংখ্যাটির প্রচ্ছদ ছিল মডেল বিবি রাসেলকে নিয়ে।প্রচ্ছদ প্রতিবেদন ছিলো গ্রামীণ চেক কাপড় নিয়ে। সাংবাদিক মিজানুর রহমান খান লিখেছেন গুরুত্বপূর্ণ দুটি নিবন্ধ। ঐতিহ্যবাহী ফুলচর্চা ‘ইকেবানা’ ফিচার, উমা মিত্রের গল্প এবং সাংবাদিক শাহজাহান সরদারের জাপান ভ্রমণ ছিলো হৃদয়গ্রাহী। পান্না কায়সারের সাক্ষাৎকার একটি ঐতিহাসিক দলিল।

চারটি কাগজই ছাপা হতো কালার প্রচ্ছদে এবং ভিতর সাদাকালো, পৃষ্ঠা ৩৬ থেকে ৫২। 

১৯৯৭ সালে প্রকাশিত হয় এসএইচএম তসলিম উদ্দিন সম্পাদিত ‘নিউ অয়ন’, কালার প্রচ্ছদ, ভিতর সাদাকালো। ৩৪ পৃষ্ঠার প্রথম সংখ্যায় কয়েকটি মূল্যবান রচনা রয়েছে যেমন- প্রয়াত মহান মানবসেবী মাদার তেরেসার স্মরণে লিখেছেন ফারুক হোসেন ভুঁইয়া, নাচোল-তেভাগা আন্দোলনের কিংবদন্তী নেত্রী ইলা বসুকে নিয়ে লিখেছেন রেহানা পারভীন, ‘আমার বাড়ী ফেনী’ লিখেছেন  সাংবাদিক এবিএম মুসা, শতাব্দীর মহানায়ক সূর্যসেনকে নিয়ে লিখিত প্রবন্ধটি তথ্যসমৃদ্ধ।

১৯৯৮ সালে লেখক পিআর প্ল্যাসিড প্রকাশ করেন বাংলা-ইংরেজি দ্বিমাসিক ‘বিবেকবার্তা’। মূলত সংবাদভিত্তিক কাগজ। তৃতীয়বর্ষ ১ম সংখ্যায় রয়েছে দেশ-বিদেশের সংবাদ, ফিচার এবং প্রবন্ধ। প্রচ্ছদ চাররঙা ভিতর একরঙা সর্বমোট ৩২ পৃষ্ঠা। কাগজটি বেশ কয়েক বছর প্রকাশিত হওয়ার পর কিছুদিন বুকলেট হিসেবে প্রকাশিত হয়। এখন কাগুজে প্রকাশনা বন্ধ থাকলেও অনলাইনে প্রকাশ হচ্ছে।

২০০০ সালে প্রকাশিত হয় মোঃ আসাদুজ্জামান সম্পাদিত ‘প্রবাসী’, ই ফাইফ সাইজের সম্পূর্ণ চাররঙা ২০ পৃষ্ঠার এই কাগজটিতে রয়েছে তথ্যনির্ভর অনেক ছোট-বড় সংবাদ। যেমন ২০০০-১ অর্থবাজেট, মানব জেনোম, জাপানের নির্বাচন, জাপানি ভাষা শেখা, একজন জাপানি প্রতিবন্ধী তরুণের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার গল্প।

এমডি আলাউদ্দিন সম্পাদনায় ২০০২ সালে ‘প্রবাসের ডাক’ নামে একটি বিএনপিপন্থী ত্রৈমাসিক কাগজ প্রকাশিত হয়। ইফতেখার রসুল জর্জ, সমন্বয় সম্পাদক। চাররঙা প্রচ্ছদ, ভিতর একরঙা সস্তা কাগজে মুদ্রিত হলেও কিছু লেখা ভালো ছিল। লিখেছেন- ফরিদ কবীর, গাজীউল হাসান খান, ইফতেখার রসুল জর্জ, শুভ রহমান; কবিতা লিখেছেন- আল মাহমুদ, দাউদ হায়দার, শাকিল রিয়াজ, মঞ্জুষ দাশগুপ্ত।

২০০৩ সালে লেখক কাজী ইনসান প্রকাশ করেন দ্বিমাসিক কাগজ ‘পরবাস’। প্রচ্ছদ চাররঙা, ভিতর একরঙা লিথোগ্রাফ মেশিনে মুদ্রিত ১ম সংখ্যাটি দ্রুত প্রবাসী পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। প্রচ্ছদসহ ৩৬ পৃষ্ঠার এই সংখ্যায় ‘মানচিত্রর’ এক যুগ পূর্তি উপলক্ষে একটি বিশেষ নিবন্ধ লেখেন প্রবীর বিকাশ সরকার, সাংবাদিক মনজুরুল হক, জাপানি সাংবাদিক নাওআকি উসুই এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে লিখেন মূল্যবান একটি নিবন্ধ।

ড.এমএএম মিলনের সম্পাদনায় ২০০৮ সালে প্রকাশিত হয় ত্রৈমাসিক ‘পূর্বদিগন্ত’ । প্রচ্ছদ ও সেন্টারপেইজ চাররঙা এবং ভিতর একরঙা ৪৪ পৃষ্ঠার কাগজটি ঝকঝকে গ্লসি পেপারে ছাপা। ১ম বর্ষ ১ম সংখ্যায় জাপানের বিভিন্ন তথ্যাদি নিয়ে চমৎকার একটি নিবন্ধ লিখেছেন মনজুরুল হক, ধ্যান নিয়ে লিখেছেন চমন আরা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষ ও কম্পিউটার সম্পর্ক নিয়ে ড. মোস্তাফা আল মাসুমের লেখাটি মূল্যবান। এই সংখ্যার খুবই শিক্ষণীয় একটি বিষয় ছিলো: মুক্তিযুদ্ধের সময় ১১টি সেক্টরের অবস্থান মানচিত্রে ব্যাখ্যার তথ্যচিত্র।

এসব ছাড়া আরও দুটি কাগজ মাসিক ‘বক্তব্য’ ও ‘টোকিও সংবাদ’ প্রকাশিত হয়েছিল যা এখন  দুষ্প্রাপ্য।বক্তব্যের প্রধান সম্পাদক ছিলেন নূর হোসেন দর্পন আর সম্পাদক ছিলেন কবি বিপুল কৃষ্ণ দাস। টোকিও সংবাদ প্রকাশ করেছিলেন বর্তমানে জে-টিভির মালিক মাসুদ আহমেদ।

তবে দুঃখের বিষয় অধিকাংশ কাগজই এক বছরও টিকেনি, কোনো-কোনোটি প্রথম সংখ্যার পরই মিলিয়ে গেছে। প্রকাশিত কাগজগুলো এখন নেই বললেই চলে। অথচ এই কাগজগুলো নানাদিক দিয়েই আমাদের সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং অমূল্য সম্পদ। যদিওবা এগুলো পেশাদারী সাংবাদিক বা লেখকদের দ্বারা সুসম্পাদিত নয়, নয় তেমন আকর্ষণীয়, কিন্তু এগুলোতে ছিল বৈচিত্র্যময় বিস্তর তথ্য-উপাত্ত, ছিলো প্রতিষ্ঠিত লেখক, সাহিত্যিক, সাংবাদিক অথবা বুদ্ধিজীবীদের গুরুত্বপূর্ণ রচনা।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com