জাপানের সেন্দাইয়ে ‘নবীনবরণ’
জীবন-জীবিকার প্রয়োজনে প্রতিবছরই বিদেশ পাড়ি দিচ্ছেন হাজারো বাংলাদেশি। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে উড়ে চলেছেন তারা গোলার্ধের কোনায় কোনায়।
এমন হাজারো প্রবাসীর ভিড়ে এবছরও জাপানে যোগ হয়েছেন আরও কয়েশত বাংলাদেশি।
নতুন এই মুখগুলোকে ’পরম মমতায়’ প্রতিবছরই বরণ করে নেয় জাপানের সেন্দাই শহরে প্রবাসীদের হাতে গড়ে উঠা সংগঠন ‘সেন্দাই শাবাশ বাংলাদেশ’ বা সংক্ষেপে ‘শাবাশিস’, প্রত্যেক সেন্দাই প্রবাসী বাংলাদেশি যার সদস্য।
প্রবাসী জীবনে ভিন্নভাষা-সংস্কৃতির ভীড়ে সবাই প্রথম প্রথম খুব অসহায়বোধ করে। প্রাণের ভাষায় দুটো কথা বলতে, নতুন পরিবেশে খাপ খাওয়াতে কিংবা অপরিচিত আচার-অনুষ্ঠানের মধ্যে থেকে হাপিয়ে উঠা প্রানগুলো খুঁজে ফেরে স্বদেশী মুখ।
প্রায় ১৭ বছর ধরে সেন্দাই শহরের বাংলাদেশিদের সে অভাব বোধ করতে দেয়নি শাবাশিস।
প্রতিমাসেই একটি অনুষ্ঠান বা গেট-টুগেদার পার্টির মাধ্যমে ‘বাঙ্গালিয়ানা’ ধরে রেখেছে সংগঠনটি। কখনো পিঠা উৎসব, কখনো ভর্তা উৎসব কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শাবাশিসের হাত ধরেই সেন্দাই প্রবাসী বাঙালিরা বারবার খুঁজে পায় প্রাণের বাংলাকে।
বরাবরের মতো এবারেও শাহিদুল ইসলাম জাহিদের উপস্থাপনায় শাবাশিসের পক্ষ থেকে অক্টোবরে আসা নতুন বাংলাদেশিদের বরণ করে নেয়া হয় রোববার।
প্রবাসীদের আনাগোনা চলতে থাকে, কেউ যায়-কেউ আসে কিন্তু শাবাশিস বছরের পর বছর চলতে থাকে প্রবাসী বাঙালিদের সেতুবন্ধন রূপে।
অনুষ্ঠানে নিয়মের ধারাবাহিকতায় নতুনদের পরিচয় পর্ব শেষে তুলে দেওয়া হয় ‘ম্যাজিক বক্স’। কারো ভাগ্যে কৌতুক জোটে তো কারো ভাগ্যে নাচ বা গান। কাউকে আবার বলতে হয় স্মরণীয় ঘটনা।
মজার এ খেলায় প্রথমে একটু ইতস্ততবোধ করলেও বন্ধুত্বপূর্ণ পরিবেশে সবাই নিজের প্রতিভা বিকাশের প্রাণপণ চেষ্টায় মেতে উঠে। কারো খানিক ভুলে হয়তো হাসির রোলে ভেসে যায় জড়তা। আবার কারো সুরের মুগ্ধতায় হাসতেই ভুলে যায় সবাই। এ যেন এক প্রাণের মেলা!
এরপর আসে রসনা বিলাস পর্ব। বাঙালি যেখানে সেখানে ভূড়িভোজের আয়োজন ছাড়া হয় নাকি?
নবীনদের বরণ শেষে খাসির রেজালা, চিংড়ির দোপেয়াজা, মুরগির মাংসের ভুনা, সালাদ আর কোমল পানীয়সহ করা হয় ভূড়িভোজের আয়োজন। দুই যুগলের সদ্য বাব-মা হওয়ার আনন্দের বদৌলতে সবার মিষ্টিমুখ যেন এনে দিল তৃপ্তি, আশির্বাদের ঢেকুর।
শীতের সন্ধ্যায় হৃদয়ের উষ্ণতায় এভাবেই হয়ে যায় মধ্যরাত।যুগ যুগ ধরে তিল তিল করে গড়ে ওঠা বাঙালির আত্মার বন্ধন মানে না দেশ বা বিদেশের বাঁধা।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
