জাপানে রবীন্দ্রনাথের স্মৃতি দর্শন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির দেখা পেলাম জাপানে। ইয়োকোহামা শহরের কোহকু অঞ্চলের ওকুরায়ামায় একটি জাদুঘরে কবির কিছু বিরল স্মৃতি দেখার সৌভাগ্য হল।
আমার এক জাপানি অধ্যাপকই এই জাদুঘরের খবরটি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমাদের ‘ঠাকুর’কে দেখতে যাবে নাকি?
একবাক্যে রাজি হয়ে গেলাম, ট্রেনে চেপে ওকুরায়ামার খুব কাছাকাছি এসে নেমে বাকি পথটুকু পায়ে হেঁটে উঁচু পাহাড় বেয়ে জোরে নিঃশ্বাস নিয়ে উঠে গেলাম অকুরা ইনস্টিটিউটের জাদুঘরে।
তিনতলা এই বাড়িটির দোতলায় দেখা পেলাম রবিঠাকুরের। বিশ্বকবির বেশকিছু উপন্যাস, কাব্য, জীবনপঞ্জিকা ও স্বাক্ষর (অটোগ্রাফ) (২৭ মে, ১৯২৯) স্বচ্ছকাচের নিরাপত্তায় যত্নে রাখা।
জাপানি কিছু প্রবীণের মনে আজও ভাস্বর হয়ে আছেন কবিগুরু এবং যারা ভারত বা বাংলাদেশের নাম জানেন রবি ঠাকুরকে চিনতে তাদের খুব একটা বেগ পেতে হয় না।তারা সাগ্রহে রবীন্দ্রনাথের কথাও জানতে চান।
এছাড়াও কবির বেশকিছু প্রবন্ধ ও উপন্যাস বাংলা থেকে জাপানি ভাষায় অনূদিতও হয়েছে।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
