ওসাকায় ক্রিকেট!
আইসিসির তথ্য অনুযায়ী জাপানে প্রথম ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে ১৫০ বছরেরও বেশি আগে!
স্কুল পালিয়ে অন্য স্কুলের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচ ছিল আমার সাপ্তাহিক রুটিন! কখনও জয়ের আনন্দ আবার কখনও পরাজয়ের গ্লানি নিয়েই তৈরি হতাম পরবর্তী ম্যাচের জন্য। স্কুলজীবনে পেয়েছিলাম দলনেতার দ্বায়িত্ব আর এ জন্য শিক্ষকদের কাছ থেকে জুটেছিল ‘আচ্ছামতো উত্তম মধ্যম’!
কিন্তু পরাজয়ে যে ডরে না বীর! তাই থেমে থাকেনি এই ক্রিকেটীয় পথচলা। বিকালে স্কুল থেকে ফিরে গ্রামের বন্ধুদের নিয়ে মাঠে দখল থাকতো প্রিয় এই খেলার। আর এজন্য মায়ের হাতে বকুনি ছিল প্রায় নিত্য পাওনা! সব কিছু ছাপিয়ে ক্রিকেটের জন্য সবকিছু ‘উৎসর্গ’ করে দিতাম।
স্কুল শেষে কলেজে ঢুকে জেলা সদরের সরকারি কলেজে পড়ার চাপে চাপা গড়ে গেল আমাদের প্রিয় খেলা নিয়মিত খেলার স্বপ্ন।
কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রাখবার পর আর মাঠে ফেরা হয়নি। হয়নি ব্যাট আর বল নিয়ে দৌড়োদৌড়ি।
তবে জাপানে ওসাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে যেন ফিরে পেলাম ক্রিকেটের সেই পুরানো টান।গত কয়েক মাস ধরে ক্রিকেটে ফিরেছি আমরা! আমরা বলতে ওসাকা বিশ্ববিদ্যালয়ের বাঙালি শিক্ষার্থী ও প্রবাসী বাঙালিরা।
গবেষণা আর পড়াশোনার ‘অত্যাচারে’ অতিষ্ঠ হয়ে ছুটির দিন রবিবারে যেন আমাদের জন্য হয়ে উঠে এক আশীর্বাদ। জাপানে খেলার মাঠের কোন অভাব নেই। আর এখানকার মাঠগুলোর বেশিরভাগই ফাঁকা থাকে!
আমাদের মাঠ পেতে খুব একটা বেগ পেতে হয় না। তাই রবিবার মাঠে তিন স্টাম্প আর ব্যাট বল দেখে অনেক জাপানিই ছুটে আসেন আমাদের খেলা দেখতে।
এদেশের অন্যতম জনপ্রিয় খেলা বেইজবলের সঙ্গে ক্রিকেট খেলার খানিকটা মিল দেখে অনেকে জাপানিই অবাক হয়! ওরা ভাবে আমরা বোধ হয় বেইজবল খেলছি কিন্তু খানিকক্ষণ দেখার পর অনেক জাপানিই আমাদের জিজ্ঞাসা করে ‘তোমরা কী খেলছো’?
উত্তর পেয়ে জাপানিরা যথারীতি কপালে চোখ তুলতো। কারণ ক্রিকেটের সঙ্গে এরা মোটেও পরিচিত না। এই দেশটির পত্রিকাতেও কোনদিন ক্রিকেট নিয়ে কোন প্রতিবেদন দেখিনি।
ওসাকায় আমাদের ক্রিকেট খেলুড়ে দলে আছেন জুবায়রে ইবনে আওয়াল, ইয়াসিন আদনান, সৌরভ রায়, আরিফ নিক্সন, গুলজার হোসেন, সাইফুল ইসলাম, বিজন মোহন চাকী, জসীম উদ্দীন, তাহসীন রিমন, অসীম কুমার সাহা, আশরাফ আল মামুন, মাহবুব আলম, সাজ্জাদ আলী শুভ, সুমন চন্দ্রনাথ। এদের অনেকেই বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এছাড়াও ক্রিকেটের টানে পাশ্ববর্তী শহর থেকে আমাদের সঙ্গে যোগ দেন আতিকুল ইসলাম, আকাশ হোসেন, রেজাউল করিম, হিমেল হোসেন, মাহবুব রশিদসহ অনেকেই।
ব্যাট-বল হাতে হইচই আর আনন্দের মধ্যেই কেটে যায় ছুটির দিনগুলো। যেন ফিরে যাই গ্রামের বাড়িতে ফেলে আসা কৈশোরের দিনগুলোতে।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
