ওসাকায় বাঙালি বরণ ও বিদায়
জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে বাঙালি শিক্ষার্থীদের নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠান হয়েছে।
রোববার স্থানীয় এক রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে ওসাকা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ এবং ডক্টরাল-স্নাতকোত্তর ডিগ্রিধারীদেরকে বিদায় দেওয়া হয়েছে।
এইবছর ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরাল ডিগ্রি অর্জন করেন অসীম কুমার সাহা, খন্দকার আবু সালেক ও ইয়াসিন আদনান এবং স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন পুষ্প দাস। আর বরণ করে নেওয়া হয়েছে সোহেল রানা ও আলফাজ হোসেনকে।
গুলজার হোসেনের সঞ্চালনায় বিদায়ী চার সদস্য ছাড়াও বক্তব্য দেন ওসাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাঈদ ইসলাম, মাহবুব জামান, আরিফ নিক্সন প্রমুখ।
খন্দকার আবু সালেক বিশ্ববিদ্যালয় ও ওসাকার বাঙালিদের স্মৃতিচারণ করে বলেন, ‘আমি ভাবিনি এভাবে বিদায় নিতে হবে। জীবনের এই মুহুর্তটা সত্যিই বড় কষ্টের। ওসাকার বাঙালিদের সঙ্গে ওঠাবসা করেছি তিন বছরেরও বেশি সময়, মনে হয়েছিল একটি পরিবারের মধ্যে আছি কিন্তু বাস্তবতার তাগিদে এখন আমাদের বিদায় নিতে হচ্ছে।’
অসীম কুমার সাহা পিএইডি অর্জনের পরই এই বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক হিসেবে যোগদান করেছেন। তিনি বলেন, ‘আমার পাঁচ বছরের পথচলা এখানকার বাঙালিদের সাহচর্যে পূর্নতা পেয়েছে।”
ইয়াসিন আদনান স্মৃতি চারণ করে বলেন, “আজকে যা অর্জন করতে পেরেছি তা কেবল এই বন্ধনগুলোর স্পর্শে। আমি চাই ওসাকায় বাঙালিদের এই পথচলা অব্যাহত থাকুক।”
পরে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
