ওসাকার মিয়াগি ইয়ানু
বিশ্ববিদ্যালয় জীবন থেকেই রাত জাগার একটা বদ অভ্যাস তৈরি হয়েছে! মায়ের কাছ থেকে পাওয়া নিয়মিত বকুনির পরও এই বদ অভ্যাস দূর করতে পারিনি।
জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার পরও তা জারি আছে। যদিও দেখেছি জাপানিরা সাধারণত কাজ থেকে ফিরে রাত না জেগেই ঘুমিয়ে পড়ে!
আর আমি যে আবাসিক হোস্টেলে থাকি তার অধিকাংশ বাসিন্দাই রাত ১১ টার মধ্যেই ঘুমিয়ে পড়েন।আমি রাত দশটা -এগারোটায় ফিরি। তাই ঘুম এমনিতেই একটু পিছিয়ে যায়।
তবে কয়েক মাস ধরে একটি বিষয় নজরে এলেও বিষয়টি বুঝে উঠতে পারছিলাম না। আমি যখন ঘুমানোর জন্য প্রস্তুত ঠিক তার আগের মুহূর্তে একজন বয়স্ক নারী আমার হোস্টেলে আসেন।
উনি একটু কুঁজো হয়ে চলাফেরা করেন। নিয়মিত মধ্যরাতে আমার হোস্টেলের রান্নাঘর, টয়লেট আর বারান্দা পরিষ্কার করে চলে যান।
জাপানে সাধারণত গৃহকর্মী নেই। তাছাড়া জাপানিরা নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করে। তবে এত বয়স্ক একজন নারী কেন রাতে পরিষ্কারকর্মী হিসেবে কাজ নিলেন এটা বুঝতে পারলাম না। একটু খটকা লেগে থাকলো মনের কোণে।
একবার ভাবলাম হয়তো এই নারী চক্ষুলজ্জার কারণে রাতে কাজ করছেন। কিন্তু এইদেশে আসার পর থেকে তো দেখেছি জাপানিরা কাজের ক্ষেত্রে কোনওভাবেই লাজুক না।
একদিন তাই আমার মনের ভেতর ঘুরপাক খেতে থাকা প্রশ্নের উত্তর পেতে নিজেই ভাঙ্গা ভাঙ্গা জাপানি ভাষায় কথা বললাম উনার সঙ্গে।
জানালেন উনার নাম মিয়াগি ইয়ানু, বয়স ৯১ বছর! আমার হোস্টেল থকে খুব কাছেই বসবাস করেন তিনি।
জানতে চাইলাম, আপনার ছেলে-মেয়ে নেই? জানান, এক ছেলে আছে, তার নাম হাজিমে সিমুদা। নাম শুনে একটু চমকে উঠলাম। আমি যেই ছাত্রাবাসে থাকি তার মালিকের নাম সিমুদা। আমি তাও নিশ্চিত হবার জন্য জানতে চাইলাম, আপনার ছেলেই কি আমার এই ছাত্রাবাসের মালিক?
তিনি মাথা নেড়ে সম্মতি দিলেন।
উনার ছেলে হাজিমে সিমুদা এই এলাকার আরও পাঁচটি ছাত্রবাসের কর্ণধার। আমার হোস্টেলের নিচের সুপারশপের মালিকানাও তার। ‘সিমুদা কাইসু কর্পোরেশন’ চালান তিনি।
সিমুদাকে ধনকুবের বলা যাবে কিনা তা জানি না তবে তিনি বৈশ্বিক অর্থে যে বেশ ধনী এটা সহজে বলা যায়। আর তার নবতিপর মা কিনা মাঝরাতে আমার হোস্টেলের টয়লেট পরিষ্কার করেন!
আমাদের দেশে বয়ষ্কদের তাদের সন্তানরা দেখভাল করেন এই রেওয়াজ জানি। কিন্তু বিদেশিরাও কি আমাদের মতো বৃদ্ধ বয়সে বাবা-মার দেখাশোনা করেন? এরকম চিন্তাও মাথায় এল।
ভাবলাম, একজন জাপানি যিনি যথেষ্ট ধনী তিনি তার ৯১ বছর বয়স্ক মাকে এই ধরনের কষ্টের জীবনে কীভাবে রাখতে পারলেন? এই চিন্তায় আমিও মনে বেশ খানিকটা কষ্ট পেয়েছিলাম।
আমার সীমিত ভাষাজ্ঞানের কারণে ওইদিন তাকে কিছু বলিনি।তবে কয়েকদিন আগে আগে ফের ঘুমাতে যাবার সময় দেখা হলো ইয়ানুর সঙ্গে। জাপানিরা কারও সঙ্গে দেখা হলেই মাথা নিচু করে অন্যদেরকে ‘শ্রদ্ধামিশ্রিত’ সম্ভাষণ জানায়। তো আমিও এই কাজটি করার সঙ্গে সঙ্গে তিনি দন্তকবিহীন এবং মায়াময়ী এক হাসি দিলেন!
এদিন ছাত্রাবাসের এক জাপানি ছাত্র সঙ্গে থাকায় দোভাষীর কাজটি তিনিই নিলেন।
মনের ভিতর ঘুরতে থাকা প্রশ্নটি ছুড়ে দিলাম , আচ্ছা আপনার ছেলে এত সম্পদের মালিক আপনাকে দেখাশুনা করে না কেন? এই বয়সে আপনার কি কাজ করা মানায়?
উত্তরে মিয়াগি ইয়ানু যা বললেন তাতে আমার চোখ কপালে ওঠার মতো অবস্থা! তিনি জানালেন, ছেলের সঙ্গেই থাকেন, একই বাসায়।
এরপর তিনি বলেন, ‘আর এই কাজ তো আমার বেঁচে থাকার ওষুধ! কাজ করি বলেই আজও আমি সুস্থ অবস্থায় চলাফেরা করতে পারছি।’
তিনি আরও বলেন, ‘ঘরে বসে থেকে মরবো কেন? এই মরার স্বার্থকতা কোথায়? আমি শুধু এই হোস্টেলেই আসি না, আরও কয়েকটি ছাত্রবাসও আমি পরিস্কার করি। আসলে এটা আমার শরীরচর্চা! আর আমরা জাপানিরা যতদিন শরীর চলে দেশের জন্য, আগামী প্রজন্মের জন্য কাজ করি এবং করবো।’
দেশে থাকতে ভাবতাম, জাপানি যন্ত্রাংশ অনেক মজবুত আর টেকসই হয়। আর জাপানে এসে দেখছি এই দেশের মানুষের মনের ভাবনা কত শক্তিশালী।
জাপানিদের পরিশ্রম করতে পারার ক্ষমতা এদের অন্যতম বিশেষ সম্পদ। প্রাকৃতিক সম্পদে বিশেষভাবে সমৃদ্ধ না বিশ্বের অর্থনীতিতে তৃতীয় স্থানে জাপান কেন আছে, মনে হল তা যেন একভাবে বুঝতে পারলাম মিয়াগি ইয়ানুর কথা শুনে।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
