খালিস্তানপন্থি নেতাকে হত্যার ষড়যন্ত্র, যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকের কারাদণ্ড
ভাড়াটে খুনি ঠিক করতে গিয়ে মার্কিন সংস্থার ছদ্মবেশী কর্মকর্তার ফাঁদে পড়েছিলেন নিখিল গুপ্ত।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুন হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছর ৭ মাসের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত।
শুক্রবার নিউ ইয়র্কের একটি আদালতে এ রায় ঘোষণা করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নিখিলের বিরুদ্ধে অভিযোগ, ভাড়াটে খুনি দিয়ে তিনি খালিস্তানপন্থি ওই বিচ্ছিন্নতাবাদীকে হত্যার পরিকল্পনা করেছিলেন।
ভারতের আইনে পান্নুন একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার সংগঠন ‘শিখস ফর জাস্টিস’দেশটিতে নিষিদ্ধ।
এনডিটিভি লিখেছে, ৫৫ বছর বয়সি নিখিল গুপ্ত চলতি বছরের শুরুতে আদালতে নিজের দোষ স্বীকার করেন। তার বিরুদ্ধে ভাড়াটে খুনি নিয়োগ, হত্যার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল।
যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী পান্নুনকে নিউ ইয়র্কে হত্যার পরিকল্পনার ঘটনায় এসব অভিযোগ আনা হয়।
শুক্রবার ৮০ মিনিটের শুনানি শেষে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ভিক্টর মারেরো রায় ঘোষণা করা হয়। এতে নিখিল গুপ্তকে ২৩৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
শুনানিতে পান্নুন দাবি করেন, জীবনের ওপর হুমকির বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে ১ হাজার ২০০ দিনেরও বেশি (তিন বছরের বেশি) সময় ধরে তিনি নিয়মিত আইন পেশা পরিচালনা করতে পারছেন না।
অন্যদিকে নিখিল গুপ্ত সংক্ষিপ্ত বক্তব্যে এই ষড়যন্ত্রে নিজের ভূমিকার জন্য অনুশোচনা প্রকাশ করেন।
শুনানির আগে নিউ ইয়র্কের আদালত প্রাঙ্গণের বাইরে জড়ো হন পান্নুনের বেশ কয়েকজন সমর্থক। এ সময় তাদের হাতে নিখিল গুপ্ত ও অন্যদের কুশপুতুল দেখা যায়।
তবে এই হত্যা ষড়যন্ত্রে নিজেদের কোনো কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ভারত।
নেপথ্যে কী ছিল
মার্কিন কৌঁসুলিদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মে মাসে এ হত্যাকাণ্ডটি ঘটানোর জন্য ভাড়াটে খুনি ঠিক করতে নিখিল গুপ্তকে নিয়োগ দিয়েছিলেন ভারতের তৎকালীন সরকারি কর্মকর্তা বিকাশ যাদব।
অভিযোগপত্রে বলা হয়েছে, বিকাশ যাদব ভারতের মন্ত্রিপরিষদ সচিবালয়ে কর্মরত ছিলেন। দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এই সচিবালয়ের অধীনেই পরিচালিত হয়।
বিকাশ যাদবের নির্দেশে নিখিল গুপ্ত এমন এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, যাকে তিনি অপরাধ জগতের সহযোগী ভেবেছিলেন। কিন্তু ওই ব্যক্তি আসলে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) একজন গোপন তথ্যদাতা ছিলেন।
পরে ওই তথ্যদাতা নিখিলকে কথিত এক ভাড়াটে খুনির সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন ডিইএর একজন ছদ্মবেশী কর্মকর্তা।
কৌঁসুলিদের অভিযোগ, হত্যাকাণ্ডটি ঘটানোর জন্য বিকাশ যাদব ১ লাখ ডলার দিতে রাজি হয়েছিলেন। এর মধ্যে অগ্রিম হিসেবে নিউ ইয়র্কে ১৫ হাজার ডলার পৌঁছে দেওয়া হয়েছিল।
এছাড়া নিখিল গুপ্ত পান্নুনের বাসার ঠিকানা, ফোন নম্বর, দৈনন্দিন রুটিন ও নজরদারির কিছু ছবিও সরবরাহ করেছিলেন।
২০২৩ সালের ৩০ জুন চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ থেকে নিখিল গুপ্তকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৪ সালের জুনে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। তবে বিকাশ যাদব এখনো মার্কিন হেফাজতের বাইরে রয়েছেন।
ভারত সরকারের অবস্থান
২০২৩ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র এ মামলার অভিযোগপত্র প্রকাশ করে। এর পরদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একজন ভারতীয় কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ ‘উদ্বেগের বিষয়’ এবং ‘সরকারি নীতির পরিপন্থি’।
মার্কিন অভিযোগগুলো খতিয়ে দেখতে সে সময় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল।
২০২৫ সালের জানুয়ারিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তদন্ত কমিটি ‘এক ব্যক্তির’ বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। ওই ব্যক্তির আগের অপরাধমূলক সংশ্লিষ্টতা ও অতীত রেকর্ডও নজরে এসেছে বলে জানানো হয়। তবে মন্ত্রণালয় ওই ব্যক্তি বিকাশ যাদব কি না, তা স্পষ্ট করেনি।
এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধেও মার্কিন আদালতে একটি দেওয়ানি মামলা করেছেন পান্নুন।
ভারত এই মামলা প্রত্যাখ্যান করেছে। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “আমরা এ ধরনের ভিত্তিহীন মামলা প্রত্যাখ্যান করছি।”
গত ১৩ নভেম্বর মার্কিন আদালত এক আদেশে দিল্লির আদালতের মাধ্যমে ওই দুই কর্মকর্তার কাছে সমন পাঠানোর নির্দেশ দিয়েছিল।
এর আগেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, “আমাদের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে বানোয়াট ও বিদ্বেষপূর্ণ আক্রমণ আমরা প্রত্যাখ্যান করছি।”
