২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের ‘মিনি বাংলাদেশ’

বাংলাদেশ থেকে জাপানের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার। গত বছরের অক্টোবর থেকে শুরু হয় আমার জাপান জীবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপানের ওসাকা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 12:00 AM

Updated : 12 Oct 2022, 04:12 PM

দেশে থাকতে যখন জাপান পড়তে আসার জন্য ডাক পেলাম, তখন একটু কেমনই যেন লেগেছিল। আত্মীয় স্বজন আর বন্ধুদের ফেলে রেখে অজানা, অচেনা পথের উদ্দেশ্যে পাড়ি দেয়া কঠিন এক ভাবনা।

দেশের সংস্কৃতি ও আবহ থেকে দূরে থাকতে হবে ভেবে চাপা ব্যথাও জেগে উঠেছিল মনের কোনে।   

জাপানে দেশের মায়ার টান প্রায় প্রতিদিন অনুভব করলেও মাতৃভূমির আবহ যেন খানিকটা পেয়েছি ‘মিনি বাংলাদেশে’। এই মিনি বাংলাদেশ হল ওসাকা শহর।

ঈদ, পূজা, বর্ষবরণ, জন্মদিন, আড্ডা আর অন্য প্রবাসীদের সঙ্গে আত্মীয়তার এক বন্ধন যেন গড়ে দিয়েছে এই শহর।

জাপানে আসার পাঁচদিন পরই ছিল ঈদুল-আযহা। প্রিয়জনদের ছেড়ে আসার পর প্রথম ঈদ। তাই মন খারাপ ছিল। তবে ঈদের দিন অনেক প্রবাসীর দেখা পেয়ে মনে হয়েছে দেশের কোন শহরেই ঈদ করছি।

ঈদের দিন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজন হয় বাঙালি আড্ডার। বিশাল হলরুমে জমে ওঠা  আড্ডায় শিশু থেকে বৃদ্ধদের সমাগম ছিল। ওসাকা, নারা, কোবে, কিয়েটো, টোকিও, কিনকিসহ পুরো কানসায় এলাকা থেকে এসেছিলেন তারা।

অনুষ্ঠানের খাবারের কথা এখনও মনে পড়ে। সিঙ্গারা থেকে শুরু করে পোলাও কিনা ছিল! এরপর থেকেই প্রবাসীদের আন্তরিকতার ‘ফুলঝুড়ি’ যেন বেড়েই চলল। প্রতি মাসেই কারও না কারও বাসায় হল আড্ডার আয়োজন।

একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে ফের জড়ো হয় ওসাকা শহরের বাঙালিরা।ভাষা শহীদদের শহীদ মিনার না থাকলেও তা শ্রদ্ধা ভরেই উদযাপন করা হয় দিনটিকে।   

শিশুদের আর বড়দের গালে শোভা পেয়েছিল শহীদ মিনার আর অ-আ-ক-খ! আর এই কাজটি করেছিলেন প্রিয় শারমিন দিলরুবা। যিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে বিশেষ কোর্সের জন্য ওসাকাতে এসেছিলেন।

মার্চে এল স্বরস্বতী পূজা। বিদ্যার দেবী স্বরস্বতীর মুর্তি ছিল না তাই ছবি দিয়েই পূজা করেছিল ওসাকার বাঙালি সনাতন ধর্মালম্বীরা। অংশ নিতে গিয়ে ঈদ-পূজার কোন ফারাক চোখে পড়ল না। সবাই আনন্দে উৎসবে একাকার। তবে সুমন চন্দ্র মোহন্ত আর বিজন চন্দ্র চাকী লুচি আর প্রভা বৌদিও দই মিষ্টি ছিল জিভে যেন লেগে আছে এখনও। আর ছিল চিরন্তন সহজ স্বাদের খিচুড়ি। 

পহেলা বৈশাখে দিন আমাদের অনেকেরই গবেষণা কাজ থাকায় দিনটি সেইদিন উদযাপন করতে পারিনি। উপায় না থাকায় পাঁচ দিন পর ১৯ এপ্রিলে হল বর্ষবরণের অনুষ্ঠান। অনলাইনে অর্ডার দিয়ে বাংলাদেশ থেকে আনা হয় ইলিশ! আন্তরিকতার যেন কমতি নেই কারও। বৈশাখের বাঙালি খাবারের সঙ্গে যোগ হয়ছিল বাঙালি সাঁজ।যেন ফিরে যাচ্ছিলাম দেশের বিশ্ববিদ্যালয় জীবনের বৈশাখ পালনের দিনগুলোতে।

ওসাকা শহরে ছাত্র ছাড়াও বাঙালি চাকুরিজীবী আর ব্যবসায়ীদের মধ্যেও আন্তরিকতার কমতি দেখিনি। তাদের ছেলে মেয়েদের জন্মদিনেও বসে যায় বাঙালির মিলনমেলা। এই পরিসরে সবার নাম বলে শেষ করা যাবে না  তবে ওসাকা শহরের প্রত্যেক প্রবাসী বাঙালির জন্যই এখন আর মনে হয় না যে দেশ থেকে দূরে আছি। 

এই শহরে থেকে প্রতিটি উৎসবেই যেন টের পেয়েছি বাঙালিয়ানার শেকড়ের স্বাদ, ছোঁয়া। আর সামনের দিনগুলোতে আরও বেশি উৎসরে অংশ নেব আর আড্ডার আসরে থাকবে বাঙালি খাবারের স্বাদ- এমনটাই  মনের চাওয়া।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.cথা