২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝকঝকে দেশের গল্প

ওসাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ঢাকা থেকে মালয়েশিয়া হয়ে রওনা দিলাম জাপানের উদ্দেশ্যে। আসন পেলাম জানালার পাশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপানের ওসাকা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 05:54 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

ভোর রাতের দিকে ঘুমঘুম চোখে একটা  লাল রংয়ের বিশাল গোল আকারের কিছু একটা দেখলাম জানালার বাইরে। আমি কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না যে ওই লাল জিনিসটা কি?

কিছুক্ষণ পরে মনে হলো, ওই লাল জিনিসটি হল সূর্য। সাদা মেঘের ভিতর থেকে বের হয়ে দেখা মিলল সাগরের।

আস্তে আস্তে বিমানটি ভূমির দিকে নামছে। বিমানবন্দরের রানওয়ের চারিদিকে শুধু পানি। আমি তো অবাক হচ্ছি,  এ কি আমার বিমান কোন ছোট এক দ্বীপে নামছে? এক সহযাত্রী জানান, এটি কানসাই বিমানবন্দর যা আসলে সমুদ্রে মাটি ভরাট করে বানানো!  

ওসাকা ইউনিভার্সিটির পথে গাড়িতে উঠে সিট বেল্ট বেঁধে যখন রাস্তার পাশে তাকাচ্ছি তখন অবাক হয়ে যাচ্ছি। রাস্তাগুলোকে দেখে মনে হচ্ছে, আজ সকালে নতুন রাস্তা উদ্বোধন করা হয়েছে। আমিই যেন এইসব রাস্তার প্রথম যাত্রী।

পাহাড় ডিঙ্গিয়ে, লোকালয় পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে চলার সময় অসম্ভব একটি বিষয় আবিষ্কার করলাম!

ভালো করে খেয়াল করে দেখলাম রাস্তায় উপর কোন ধরনের ময়লা-আবর্জনা এমনকি এক টুকরা কাগজও নেই। যেদিকে তাকাই শুধুই ঝকঝকে রাস্তা। প্রায় দেড় ঘণ্টা গাড়িতে চলার সময় রাস্তায় কোন আবর্জনা দেখতে পেলাম না।জীবনে প্রথম এরকম দেখলাম বলে বেশ  অবাক হলাম!

বিশ্ববিদ্যালয়ে এসে আমার গবেষণা সহকর্মীদের সঙ্গে দেখা করে গেলাম হোস্টেলে।

পরদিন ঘুম থেকে উঠে  আরেক বাঙালির সঙ্গে বের হলাম কেনাকাটার উদ্দেশ্য। দশ মিনিট হাঁটার পর পেলাম একটি সুপার শপ। একটি স্ন্যাকের প্যাকেট হাতে নিয়ে দোকান থেকে বেরিয়ে এলাম।

আমরা হাঁটার পথে স্নাকটি খেয়ে প্যাকেটটি রাস্তায় ফেলে দিয়েছিলাম। কিছু দূর যাবার পর পিছুনে ঘুরে দেখি আমাদের ফেলে দেওয়া খালি প্যাকেটটি হাতে নিয়ে হাঁটছেন বয়স্ক এক জাপানি। কিছুতেই বুঝতে পারলাম না তিনি কেন আমাদের ফেলে দেওয়া প্যাকেট নিয়ে হাঁটছেন!

তৃতীয় দিন অন্য একটি সুপারশপে কেনা কাটা শেষ করে ফিরছি। কোমল পানীয় শেষ করে আমি বোতলটি রাস্তার পাশে ফেলে দিতেই এক জাপানির বাঁধার মুখে পড়লাম।

ভাষা বিভ্রাটের কারণে কি বলছেন তিনি কিছুই বুঝতে পারছি না। শুধু দেখলাম বোতলটি হাতে নিয়ে বলছেন, ‘আবু নাই আবু নাই’ (বিপদজনক, বিপদজনক)। এরপর আরও কিছু জাপানি জড়ো হলেন। চেহারা দেখে তারা বুঝে নিলেন আমরা বিদেশি। একজন এসে ইংরেজিতে জানতে চাইল আমি কোন দেশের নাগরিক, আমি উত্তর দেয়ার পর জানতে চাইল আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না।

মাথা নেড়ে সম্মতি দেয়ার পর উনি বললেন, তুমি একটু রাস্তার সামনে কিংবা তার চারপাশে তাকিয়ে দেখ তো কোথাও কোন বোতল কিংবা কাগজের টুকরা পাও কিনা?  আমরা ডাস্টবিন ছাড়া কোথায় কোন আবর্জনা ফেলি না। এটাই এখানকার নিয়ম।  

আমি নিমিষে মলিন চেহারায় ক্ষমা চাইলাম।

এরপর আমি টানা এক সপ্তাহ রাস্তা দিয়ে চলার সময়, এর আশেপাশে কাগজ কিংবা  উচ্ছিষ্টাংশের খোঁজ করেছি, অনেক পাবলিক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও কোন ময়লার টুকরা খুজে পাইনি। আমাদের দেশে ট্রেনে উঠলে বাদামের খোসা পড়ে থাকা নিত্যদিনের ঘটনা হলেও এখানে ট্রেনে যতবার উঠেছি ততবার অবাক হয়েছি। ট্রেনগুলোর ভিতরে বসলে মনে হয় নতুন ট্রেনে সবে যাত্রা শুরু করলাম।

এসব দেখে বিস্কুট কিংবা কলা খাওয়ার পর আমি অনেক দিনই জামা কিংবা পান্টের পকেটে খালি প্যাকেট বা খোসা বয়ে রুমে নিয়ে এসেছি। এছাড়া উপায় বা কি? রাস্তায় ফেলতে গেলেই তো জাপানিদের কাছ থেকে কথা শুনতে হবে!

জাপানি সহগবেষকদের কাছ থেকে জেনেছি পরিস্কার পরিচ্ছন্ন থাকাকে এরা নিজেদের দায়িত্ববোধ মনে করে। এখানে নার্সারি স্কুলগুলোতে শেখানো হয় কিভাবে একজন মানুষ স্বনির্ভর হতে পারে। কিভাবে ডাস্টবিন ব্যবহার করা যায়।

ছোট বেলায় পাওয়া এই শিক্ষাই যেন এরা মেনে চলে জীবনভর। 

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com