২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওসাকা বিশ্ববিদ্যালয়ে খাদ্য উৎসব

জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে আন্তজার্তিক শিক্ষার্থীদের আয়োজিত খাদ্য উৎসব অনুষ্ঠিত হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপানের ওসাকা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 04:58 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ওসাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্স সায়েন্স বিভাগের আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা তাদের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আসা স্নাতকোত্তর ও ডক্টরাল  পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়।  

উৎসবের উদ্বোধন করেন বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এরিওদিতিতে ফুকোশিমা। তিনি বলেন, “এটা আমাদের দ্বিতীয় আসর। থাইল্যান্ড, মালয়শিয়া, মিয়ানমার, চীন, বাংলাদেশ, আমেরিকা, ফিলপাইন, ভিয়েতনাম, বেলারুস, ইন্দোনেশিয়াসহ প্রায় ২৫ টি দেশ থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন ও পারস্পারিক সহযোগিতা তৈরি করার লক্ষ্যে আমরা এই উৎসবটি চালু করেছি।

“আমরা চাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা পরিপূর্ণ বিশ্বমানব হিসেবে গড়ে উঠুক।আর তাই তাদের মেধাকে শানিত করার জন্য আমাদের সব সহযোগিতা অব্যহত থাকবে।”

ভিয়েতনাম থেকে আসা শিক্ষার্থী নেহান এনগুয়েন ও ফিলপাইনের জেনি ত্রিনিদাদের উপস্থাপনায় শুরু হয়ে অনুষ্ঠানের মূল পর্ব।

বিভিন্ন দেশের খাদ্য ও সংস্কৃতির পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে এই খাদ্য উৎসবে পরিবেশিত হয় থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবার।

খাবার পরিবেশনা পর্বে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সাড়া ছিল চোখে পড়ার মতো। আমেরিকার শিক্ষার্থী মিশা এফেন্ডি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই আয়োজন দেখে আমি সত্যি আপ্লুত। এক সঙ্গে এতোগুলো দেশের খাবার কখনো দেখিনি!”  

চীনের লি ও নেগু থ্রং বলেন, “এতো দেশের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়া সত্যিই আনন্দের ব্যপার। এই আয়োজন প্রতি বছর দেখতে চাই।”

বাংলাদেশি সুমন চন্দ্র মোহন্ত ডক্টোরাল প্রথম বর্ষের শিক্ষার্থী, তিনি বলেন, “যখন এই ধরনের অনুষ্ঠানে যোগ দেই তখন বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারাটাই সবচেয়ে বড় পাওয়া।”  

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com