২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভয়ংকর সর্বনাশী হুমকি’: রিজভী

বিএনপির নেতা-কর্মীদেরকে ‘অগ্নি সন্ত্রাসী’ বানিয়ে সরকার পুড়িয়ে মেরে ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “এটা অসম্ভব কিছু না… তাদের দ্বারাই এটা সম্ভব।”

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভয়ংকর সর্বনাশী হুমকি’: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2023, 08:53 PM

Updated : 04 Nov 2023, 10:39 PM

বিএনপির ডাকা হরতাল অবরোধে সহিংসতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য রেখেছেন, তাকে ‘ভয়ংকর সর্বনাশী হুমকি’ হিসেবে দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

‘বিএনপি শূন্য’ করতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেছেন, রক্ত ঝরিয়ে হলেও প্রধানমন্ত্রী ‘একতরফা নির্বাচন করবেন।’

শনিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপি নেতা এসব কথা বলেন।

একই দিন রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। সেখানে বিএনপির হরতাল অবরোধ সহিংসতা নিয়ে তিনি বলেন, “আগুন দিয়ে যারা পোড়াবে তাদের প্রতিরোধ করতে হবে। দরকার হলে তাদের ধরে ওই আগুনের মধ্যে ফেলতে হবে। যে হাত দিয়ে আগুন দেবে সেই হাত আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। তবেই তাদের শিক্ষা হবে।”

বিএনপির নেতা কর্মীরা গাড়িতে চড়ে না কি না, সে প্রশ্নও রেখে আওয়ামী লীগ প্রধান বলেন, “জনগণ যদি সেগুলো পোড়াতে শুরু করে তখন তারা কোথায় যাবে, কী করবে, সেটাও তাদের ভাবা উচিত।”

রিজভী বলেন, ‘‘বিএনপির নেতা-কর্মীদের ‘অগ্নিকুণ্ডলিতে’ নিক্ষেপের হুমকি ভয়ানক … ভয়ংকর সর্বনাশী হুমকি।”

‘শান্তিপূর্ণ অবরোধকারী নিরীহ’ নেতা-কর্মীদেরকে ‘অগ্নি সন্ত্রাসী’ বানিয়ে সরকার পুড়িয়ে মেরে ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “এটা অসম্ভব কিছু না… তাদের দ্বারাই এটা সম্ভব।”

প্রধানমন্ত্রীর এই ‘বিপজ্জনক হুমকিতে সারা জাতি ‘স্তম্ভিত’ মন্তব্য করে বিএনপি নেতা বলেন, “জাতীয় সহিষ্ণুতা ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী।”

আওয়ামী সরকার ক্ষমতায় থাকার জন্য সংঘাতমময় পরিস্থিতে উসকে দিচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।

গত ২৮ ঢাকায় সংঘাতের দিন পুলিশের পাশে লাঠিসোঁটা হাতে আওয়ামী লীগের লোকেরা ছিল বলেও দাবি করেন তিনি। বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ও ‘আওয়ামী ক্যাডাররা’ একে অপরের পরিপূরক।”  

'তিনি একতরফা নির্বাচন চান’

প্রধানমন্ত্রী ‘ক্ষমতার স্বাদ পেয়ে’ অবাধ সুষ্ঠু নির্বাচন ‘দিতে চান না’, এমন অভিযোগ করে এই বিএনপি নেতা বলেন, “দরকার হলে আরো যদি রক্ত ঝরাতে হয়…রক্ত ঝরিয়ে হলেও তিনি একতরফা নির্বাচন করবেন।”

জনগণই তার মূল শক্তি উল্লেখ করে শেখ হাসিনা একটি বিদেশি গণমাধ্যমকে যে বক্তব্য দিয়েছেন, সেটি নিয়েও কথা বলেন রিজভী। বলেন, “তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য নিজে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিচ্ছেন না কেন? …অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক নির্বাচন করে ক্ষমতায় আসতে ভয় পাচ্ছেন কেন?”

‘৭১ সালের অবস্থা’

এমন মন্তব্য করে বিএনপি নেতার অভিযোগ, “একাত্তরে হানাদার বাহিনীর হিংস্রতা ও দুঃশাসন হুবহু নকল করছে আওয়ামী সরকার। তাদের ‘শান্তি কমিটি’র মতো এখন আওয়ামী লীগ ‘শান্তি সমাবেশ’ করছে।

‘‘হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের না পেলে তাদের পরিবারের লোকদের ধরে নিয়ে যেতে। আওয়ামী পুলিশ সেই দৃষ্টান্ত অনুসরণ করছে। ছেলে না পেলে তার ভাইকে, ভাইকে না পেলে তার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে।”

ঢাকায় গ্রেপ্তার থাকা যুবদলের এক নেতার বিরুদ্ধে বরিশালে ককটেল নিক্ষেপের মামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘সংবাদপত্রে কিন্তু আসছে এই তাজ্জবের কাহিনী। এসব হাস্যকর মামলা দিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের জুলুম-নির্যাতন-হয়রানির ভয়ংকর আবর্তের মধ্যে ঠেলে দেয়া হয়েছে।”

গত ২৪ ঘণ্টায় তাদের দলের ১৭৬ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং বিভিন্ন মামলায় ৫৭৫ জনের বেশি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে বলেও জানান তিনি।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ৭ হাজার ৭১৩ জন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।